পূর্বঘোষণা অনুযায়ী ৯ লাখ শেয়ার কিনেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চার পরিচালক। পরিচালকরা হলেন রত্না পাত্র, অঞ্জন চৌধুরী, তপন চৌধুরী ও স্যামুয়েল এস চৌধুরী। তারা প্রত্যেকে পৃথকভাবে কোম্পানিটির ২ লাখ ২৫ হাজার করে শেয়ার ক্রয় করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য নিশ্চিত করেছে কোম্পানিটি।
এর আগে গত ৭ এপ্রিল উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন এ চার পরিচালক। ২৮ এপ্রিলের মধ্যে এ শেয়ার ক্রয় সম্পন্ন করা হবে বলে জানায় তারা।
চলতি ২০২১-২২ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩ টাকা ১২ পয়সা। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ১৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩৬ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১২ টাকা ৩৯ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৭ টাকা ৯৯ পয়সা। যেখানে এর আগের বছরে সমন্বিত ইপিএস ছিল ১৫ টাকা ৭ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১০২ টাকা ৫৪ পয়সা।
এর আগে ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরে ৫২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এর মধ্যে ৪৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ২০১৯ হিসাব বছরে মোট ৪৯ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এর মধ্যে ৪২ শতাংশ নগদ ও বাকি ২ শতাংশ স্টক লভ্যাংশ। তার আগের হিসাব বছরে মোট ৪৩ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ৩৬ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ ছিল।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বর্তমানে অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭ হাজার ৯৯৯ কোটি ৪৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১১টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৪ দশমিক ৫৭ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ১৪ দশমিক ৫৪ শতাংশ প্রাতিষ্ঠানিক, ১৪ দশমিক ১৯ শতাংশ বিদেশী ও ৩৬ দশমিক ৭০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২২৪ টাকা ২০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২০৭ টাকা ৭০ পয়সা ও ২৫১ টাকা ৯০ পয়সা।
সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ১২ দশমিক ৪৬। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ১০ দশমিক ৩।










