মিলেনিয়াল প্রজন্মের হাত ধরে ভারতে ধীরে ধীরে হীরা বিক্রি বাড়ছে। এমন দাবিই করছে দেশটির রিটেইলাররা। করোনা সংক্রমণ হ্রাস এবং দেশটিতে ভ্যাকসিন সরবরাহ চাঙ্গায় গ্রাহকরা ঘর ছেড়ে বেরিয়ে আসছেন এবং বিলাসবহুল পণ্য কেনাকাটা করছেন। খবর ইকোনমিক টাইমস।
রিটেইল প্রতিষ্ঠান ডি বিয়ার্স বলছে, গত জানুয়ারিতে তাদের হীরা বিক্রি পূর্ববর্তী বছরের একই মাসের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এবং এনএসি জুয়েলার্সের মতো গহনা প্রতিষ্ঠানগুলো তাদের হীরা বিক্রি বৃদ্ধির কথা জানিয়েছে। ফেব্রুয়ারিতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছে তারা।
ডি বিয়ার্স ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সচীন জৈন বলেন, চলতি বছরের জানুয়ারিতে হীরার ভালো চাহিদা দেখা গেছে। অর্থনীতি ধীরে ধীরে চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চাঙ্গা পুনরুদ্ধারের আশা করছি।
আগামী ছয় মাসে ভারতের হীরা ব্যবসা চাঙ্গা ভাবে ঘুরে দাঁড়াবে বলে মনে করেন সচীন জৈন। চাহিদা বাড়লেও হীরার দাম স্থিতিশীল রয়েছে। ক্যারেটপ্রতি হীরা ২-৩ হাজার রুপিতে বিক্রি হচ্ছে। হীরার বাজার চাঙ্গায় ভূমিকা রাখছে মিলেনিয়ালরা। এবং তারা শোরুমে বা অনলাইনে সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন করছে।
ডি বিয়ার্সের প্রধান আরো জানান, ৫০ লাখ থেকে ১ লাখ রুপির মধ্যকার ক্ল্যাসিক নকশার হীরা অধিক ক্রেতা আকর্ষণ করছে।
ভারতে হীরার ক্রেতা শুধু শহুরে তরুণ প্রজন্মই নয়, বরং বিভিন্ন মফস্বল এলাকার অনেকেই। তাদের উল্লেখযোগ্য একটি অংশ সোনার গহনার পরিবর্তে হালকা হীরার গহনা পরতে স্বস্তি বোধ করছে।
মিলেনিয়াল এ প্রজন্মের হাত ধরে মহামারী থেকে দ্রুতই ঘুরে দাঁড়ানোর আশা করছে রিটেইলাররা।










