ওপেক প্লাস আগামী মাস থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। জোটের শর্ত অনুযায়ী, সৌদি আরবকে দৈনিক পাঁচ লাখ ব্যারেল করে উত্তোলন কমাতে হবে। এ পরিস্থিতির মধ্যেও এশিয়ায় সরবরাহ স্বাভাবিক রাখবে দেশটি। বিশেষ করে উত্তর এশিয়ার বড়সংখ্যক পরিশোধন কেন্দ্রে পূর্ণ চুক্তি অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হবে। খবর রয়টার্স।

ওপেক প্লাস গ্রুপের বেশকিছু শীর্ষ উত্তোলক দেশ এপ্রিলের শুরুতে অপ্রত্যাশিতভাবে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমানোর ঘোষণা দেয়। ফলে জ্বালানি তেলের সরবরাহ ধারায় কেমন প্রভাব পড়বে তা নিয়ে উৎকণ্ঠা দেখা দেয় এশিয়ার বেশির ভাগ পরিশোধন কোম্পানিতে। আবার জ্বালানি তেলের দাম চাঙ্গা করাও এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। 

সৌদি আরব ও ওপেক প্লাসের চুক্তিতে স্বাক্ষরকারী সদস্য দেশগুলো ২ এপ্রিল মোট দৈনিক ১১ লাখ ৬০ হাজার ব্যারেল করে উত্তোলন কমানোর নতুন সিদ্ধান্ত নেয়। এর বাইরে রাশিয়া বছরের শেষ নাগাদ দৈনিক পাঁচ লাখ ব্যারেল করে উত্তোলন কমানোর কথা জানিয়েছে। 

সৌদি আরব দৈনিক পাঁচ লাখ ব্যারেল করে উত্তোলন কমাবে। দেশটির খাতসংশ্লিষ্টরা জানান, এ পদক্ষেপের মূল উদ্দেশ্য জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে সাবধানতা অবলম্বন করা।