পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের চার কার্যদিবসে ৯ শতাংশের বেশি কমেছে। এ দরপতন নিয়ে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর হারানোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে সোনালী পেপারের শেয়ারদর ছিল ৬৮৭ টাকা ৮০ পয়সা। সপ্তাহ শেষে এ দর কমে দাঁড়িয়েছে ৬২৪ টাকা ৩০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬৩ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ২৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৫০০টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১৩ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সোনালী পেপারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭০ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭১ টাকা ২৩ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪১ টাকা ৩০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৮৪ টাকা ৩৩ পয়সা। 

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটি ইপিএস হয়েছে ৪ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৬ পয়সা।