বাংলাদেশের অন্যতম বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৯ এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। 

সোমবার (৪ মার্চ) থেকে ঢাকা-আবুধাবি-ঢাকা ও চট্টগ্রাম-আবুধাবি-চট্টগ্রাম রুটের টিকেট বিক্রয় শুরু হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেল একযোগে বিক্রয়ের জন্যে উন্মুক্ত করা হয়। এছাড়াও ফ্লাইটের সময়সূচি, টিকেটের মূল্য সম্পর্কিত বিস্তারিত তথ্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট WWW.USBAIR.COM -এ পাওয়া যাবে। 

সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার ঢাকা-আবুধাবি রুটে এবং মঙ্গল, শুক্র ও রবিবার চট্টগ্রাম-আবুধাবি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। 

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশীদের চাহিদার কারণে দেশের অন্যতম এয়ারলাইন্স ইউএস-বাংলা আবুধাবিতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা থেকে সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার এবং চট্টগ্রাম থেকে মঙ্গল, শুক্র ও রবিবার বিকাল ৫টা ৫০ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবুধাবির স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে অবতরণ করবে।

আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ১০টা ১০মিনিটে ছেড়ে মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সোম, বৃহস্পতি ও শনিবার চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৪টা ৫০ মিনিটে অবতরণ করবে।

ঢাকা ও চট্টগ্রাম থেকে আবুধাবি ভ্রমণে ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৪১ হাজার ১৫৫ টাকা ও রিটার্ন ৭১ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বোয়িং ৭৩৭ থেকে ৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটটি পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ২৩টি এয়ারক্রাফট রয়েছে। যার মধ্যে একটি ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও ৩টি ড্যাশ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট আছে। চলতি মাসের মধ্যে ইউএস-বাংলার বহরে আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ যোগ করতে যাচ্ছে। যা দিয়ে চলতি বছর ঢাকা থেকে জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

দুবাই, শারজাহ ছাড়া বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য মাস্কাট, দোহা, প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মালে, পর্যটক বান্ধব অন্যতম গন্তব্য ব্যাংকক ও চীনের অন্যতম বাণিজ্যিক শহর গুয়াংজু, পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা ও চেন্নাইতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

আন্তর্জাতিক রুট ছাড়াও দেশের অভ্যন্তরে বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর ও রাজশাহী ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।