বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার ভারতে বিক্রি বাড়াতে উৎপাদনের স্থানীয়করণের পথে এগোচ্ছে দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটর কোম্পানি ও এর সহযোগী কিয়া করপোরেশন। প্রতিষ্ঠান দুটি বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যাটারি উৎপাদনে ভারতে কারখানা স্থাপন করছে। এ উদ্যোগে তাদের অংশীদার হচ্ছে ভারতের এক্সাইড এনার্জি সলিউশন লিমিটেড। গতকাল দক্ষিণ কোরিয়ায় এ বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কোম্পানিসংশ্লিষ্টরা। খবর রয়টার্স।

এক্সাইড এনার্জি ভারতের নেতৃস্থানীয় ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান। ইভি খাতে ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে হুন্দাই ও কিয়ার সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছে এক্সাইড।

হুন্দাই এক বিবৃতির মাধ্যমে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহযোগী এক্সাইড এনার্জির সঙ্গে এ অংশীদারত্ব চুক্তির মাধ্যমে ভারতে হুন্দাইয়ের ইভি ব্যাটারির স্থানীয়করণ হবে। মূলত লিথিয়াম-আয়রন-ফসফেট সেলভিত্তিক ব্যাটারি উৎপাদন এ চুক্তিতে গুরুত্ব পাবে। 

কলকাতাভিত্তিক এক্সাইড ইন্ডাস্ট্রিজের ব্যবসার অভিজ্ঞতা ৭৫ বছরের। ভারতের বাজারে প্রতিষ্ঠানটি লেড-এসিড ব্যাটারি তৈরির জন্য বেশি পরিচিত। ভবিষ্যৎ প্রযুক্তিকে লক্ষ্য করে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় সহযোগী প্রতিষ্ঠান এক্সাইড এনার্জি, যাদের পণ্য হিসেবে সামনের সারিতে রয়েছে লিথিয়াম-আয়ন সেল ব্যাটারি।

মূলত ভারতের বাজারের জন্য প্রস্তুত বিদ্যুচ্চালিত গাড়িতে এক্সাইডের সঙ্গে যৌথভাবে নির্মিত ব্যাটারিগুলো ব্যবহার করা হবে। এর মাধ্যমে বৃহত্তম এ বাজারে গাড়ির দাম কমানোর লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে হুন্দাই।

ইভি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে হুন্দাই মোটর। প্রতিষ্ঠানটি এর আগে জানিয়েছিল, ২০২৩ থেকে শুরু করে ১০ বছরে ২৪০ কোটি ডলার বিনিয়োগ করবে। এর আওতায় একাধিক প্রজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৮ সালের মধ্যে ছয়টি নতুন মডেলের গাড়ি বাজারজাত করবে হুন্দাই। এ ছাড়া স্থানীয় পর্যায়ে চার্জিং স্টেশন সহজলভ্য করার দিকে নজর রয়েছে তাদের।