তৃতীয় দফায় আরো ৬ কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস (শেয়ার দরের সর্বনিম্ন সীমা) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে তিন কোম্পানির ফ্লোর প্রাইস কাল থেকেই প্রত্যাহার হচ্ছে। আর বাকি তিন কোম্পানির  ক্ষেত্রে রেকর্ড ডেটের পর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার হবে।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিএসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ফ্লোর প্রাইস ও অন্যান্য সিদ্ধান্ত আরোপ সংক্রান্ত কমিশনের ২০২২ সালের ২৮ জুলাই জারি করা আদেশের কার্যকারিতা ৬ কোম্পানি- বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, খুলনা পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম ও শাহজীবাজার পাওয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া বিএটিবিসি, গ্রামীণফোন ও রবি আজিয়াটার ক্ষেত্রে আসন্ন রেকর্ড ডেট পর্যন্ত ফ্লোর প্রাইস কার্যকর থাকবে।

গত ২২ জানুয়ারি ১২টি বাদে বাকি সব কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছিল। সে হিসেবে কাল থেকে আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা ও রেনাটা লিমিটেডের ওপর কোনো ফ্লোর প্রাইস থাকছে না। আজ নতুন আদেশ জারির মাধ্যমে এর আগে গত ২২ জানুয়ারি জারি করা ফ্লোর প্রাইস প্রত্যাহার সংক্রান্ত আদেশটি রদ করা হয়েছে।