দুই সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে রাশিয়ান গমের রফতানি মূল্য। শস্যটি রফতানিতে প্রবৃদ্ধিও ধরে রেখেছে মস্কো। তবে এক্ষেত্রে একটি অদৃশ্য মূল্যসীমার বেড়াজালে পড়ে গেছে শীর্ষ গম উৎপাদক দেশটি। খবর রয়টার্স।
কৃষিপণ্যের বাজার পরামর্শক প্রতিষ্ঠান ইকার জানায়, মে মাসে সরবরাহের জন্য ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে ১২ দশমিক ৫ শতাংশ েপ্রাটিনসমৃদ্ধ গম টনপ্রতি ২৭৩ ডলারে বিক্রি করছে রাশিয়া। গত সপ্তাহেও শস্যটি এ দামেই বিক্রি হয়েছে। এসব গম কৃষ্ণসাগরীয় বন্দর ব্যবহার করে রফতানি করা হচ্ছে।
রাশিয়ার দুটি সূত্র গত মাসে জানায়, দেশটির সরকার চায়, কৃষকরা যাতে রফতানিকারকদের কাছ থেকে গমের ন্যায্যমূল্য পান এবং তার মাধ্যমে উৎপাদন ব্যয় পুষিয়ে নিতে পারেন। এ কারণে রফতানি মূল্য টনপ্রতি ২৭৫-২৮০ ডলারের মধ্যে অথবা তার ওপরে রাখার সিদ্ধান্ত হয়েছে।
বাজার পরামর্শক প্রতিষ্ঠান সভেকন জানায়, ৭ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে রাশিয়া ১১ লাখ টন খাদ্যশস্য রফতানি করেছে। এর মধ্যে গম রফতানি করা হয়েছে ৯ লাখ ৩০ হাজার টন।
প্রতিষ্ঠানটির প্রাক্কলন অনুযায়ী, চলতি বছর রাশিয়া সব মিলিয়ে ৪২ থেকে ৪৫ লাখ টন গম রফতানি করবে, যা ইতিহাসের সর্বোচ্চ রফতানি ৪৯ লাখ টনের কাছাকাছি।










