চলতি বছরের শেষ নাগাদ চীনের পরিশোধিত ইস্পাত রফতানি ৯ কোটি টনে পৌঁছনোর সম্ভাবনা দেখা দিয়েছে। এমনটি ঘটলে তা হবে ছয় বছরের মধ্যে সর্বোচ্চ রফতানি। সংশ্লিষ্ট সূত্র এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটকে এ তথ্য জানিয়েছে। 

বাজার অংশীজনদের কেউ কেউ বলছেন, ইস্পাতের শক্তিশালী রফতানি প্রবাহ আগামী বছর পর্যন্ত অব্যাহত থাকবে। কারণ দেশটি আগামী বছর ধাতুটির উৎপাদনসংক্রান্ত বিধিনিষেধ আরো শিথিল করতে পারে। পাশাপাশি এ সময়ের মধ্যে স্থানীয় চাহিদায় বড় প্রবৃদ্ধির সম্ভাবনা নেই।

চীনের শুল্ক বিভাগের তথ্যমতে, নভেম্বরে দেশটি চার মাসের মধ্যে সর্বাধিক পরিশোধিত ইস্পাত রফতানি করে। রফতানির পরিমাণ ছিল ৮০ লাখ ৫ হাজার টন, যা এর আগের মাসের তুলনায় দশমিক ৩ শতাংশ এবং আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩ দশমিক ২ শতাংশ বেশি। চলতি বছরের ‍জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশটির ইস্পাত রফতানি বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বা ২ কোটি ১৭ লাখ টন। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ২৬ লাখ ৫৮ হাজার টনে।  

চায়না আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশন এবং জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্যমতে, এ বছরের ১১ মাসে দেশটিতে ৯৫ কোটি ১০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ১ কোটি ৬০ লাখ টন।

সূত্র জানায়, চীন ইস্পাত রফতানিতে বর্ধিত প্রবৃদ্ধি ধরে রেখেছে, যা স্থানীয় পর্যায়ে চাহিদার ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি রফতানি ক্রয়াদেশের কারণে ইস্পাত উৎপাদনের পরিমাণও বেড়েছে লক্ষণীয় মাত্রায়। স্থানীয় চাহিদায় নিম্নমুখী প্রবণতা এবং উৎপাদনে প্রবৃদ্ধি আগামী বছর পর্যন্ত অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছে কিছু বাণিজ্যিক সূত্র। 

সংশ্লিষ্টরা জানান, আগামী বছর রফতানির পরিমাণ চলতি বছরের তুলনায় বাড়ছে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত পূর্বাভাস দেয়া যাচ্ছে না। তবে রফতানি কমলেও তার মাত্রা হবে সীমিত। কারণ মিলগুলো অব্যাহত উৎপাদন বাড়াচ্ছে। তার ওপর আগামী বছর স্থানীয় পর্যায়ে চাহিদা বাড়ার সম্ভাবনা খুবই কম।

চীনের শুল্ক বিভাগের তথ্য বলছে, নভেম্বরে চীন ৬ লাখ ১৪ হাজার টন পরিশোধিত ইস্পাত আমদানি করে। চলতি বছরের মধ্যে এটি চতুর্থ সর্বনিম্ন আমদানি। অক্টোবরের তুলনায় আমদানি ৮ দশমিক ১ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৪ শতাংশ কমেছে। জানুয়ারি-নভেম্বর পর্যন্ত দেশটির ইস্পাত আমদানি ২৯ দশমিক ২ শতাংশ কমে ৬৯ লাখ ৮০ হাজার টনে নেমেছে। ফলে ১১ মাসে দেশটির নিট ইস্পাত রফতানি ৪৮ দশমিক ১ শতাংশ বা ২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টন বেড়েছে।