৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির ২৬১তম সভা থেকে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৪৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ৬০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৮ টাকা ১০ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৭ জুন সকাল ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার আহ্বান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৩১ মে।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। এর আগের হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি। ২০১৮ হিসাব বছরের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। 

এদিকে গতকাল কোম্পানিটির চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ২৩ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৩ টাকা ৬৪ পয়সা।