দেশের ৪ কোটি মানুষের ক্রয় ক্ষমতা ইউরোপীয়দের সমান বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। তিনি বলেন, ‘১৭ কোটি মানুষের বাংলাদেশে ৪ কোটি মানুষ রয়েছে যাদের ক্রয় ক্ষমতা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মানুষের সমান। দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার যে লক্ষ্যমাত্রা শেখ হাসিনা ঠিক করেছেন তা এর আগেই অর্জিত হবে।’
মঙ্গলবার(১৭ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি আয়োজিত ‘১৮তম জাতীয় ফার্নিচার মেলা‘-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ফার্নিচার খাত খুব অল্প সময়ের মধ্যেই একটি শক্তিশালী খাতে রূপান্তরিত হয়েছে। প্রশিক্ষিত জনবলের তৈরি দেশীয় ফার্নিচার বিদেশে রফতানি করে প্রচুর বৈদেশিক অর্জন করা সম্ভব । বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশে রফতানি হচ্ছে। বাংলাদেশের ফার্নিচারের যে কোয়ালিটি, ডিজাইন, আধুনিকতা তা বিশ্বের যেকোনো দেশেরই নজর কাড়বে এবং নিতে আগ্রহী হবে।
তিনি বলেন,বর্তমানে ফার্নিচার থেকে ১১০-১২০ মিলিয়ন মার্কিন ডলার রফতানি হচ্ছে বলে যে তথ্য দিচ্ছেন তা এই অবস্থায় থাকবে না। এই খাতে বিগত ১০-১২ বছরে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তাতে খুব শিগগিরই রফতানিতে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হবে। টেকসই ফার্নিচার শিল্প গড়ে তুলতে পারলে রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। যে পরিমাণ শ্রমিক এই শিল্পের সঙ্গে জড়িত তা করা দ্বিগুণ করা সম্ভব বলেও মন্তব্য করেন। ফার্নিচার তৈরিতে যেসব মেটারিয়ালস আমদানি করতে হয় সেগুলো দেশেই উৎপাদনে উদ্যোক্তাকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
রফতানির ক্ষেত্রে যেসব বাধা রয়েছে সেগুলো চিহ্নিত করে সমাধান করতে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে জানিয়ে টিপু মুনশি বলেন ফার্নিচার শিল্পের সঙ্গে জড়িত বেশ কিছু প্রতিষ্ঠান শতভাগ রফতানিমুখী করার উদ্যোগ নিচ্ছে যা সত্যিই প্রসংশনীয়। এই খাত অনেক বেশি সম্ভাবনাময় উল্লেখ করে আরো বেশি বিনিয়োগ করার জন্য সংশ্লিষ্টদের আহবান জানান।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান ও সিইও এ এইচ এম আহসান, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম ও বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আকতারুজ্জামান।
উল্লেখ্য, ৫ দিনব্যাপী দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ এই মেলা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। মেলায় ৩০টি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল রয়েছে।










