চীন ও পশ্চিমা বাজারজুড়ে অবিক্রীত জুতার মজুদ বাড়ার কথা জানিয়েছে এডিডাস। এতে মুনাফা কমবে জার্মান স্নিকার প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

এডিডাস চলতি বছরের মুনাফা মার্জিনের পূর্বাভাস ৭ থেকে ৪ শতাংশে নামিয়েছে। পাশাপাশি পূর্ণ বছরের আয়ের পূর্বাভাসও কমিয়েছে সংস্থাটি। ২০২২ সালে উচ্চ একক অঙ্কের পরিবর্তে মধ্য একক অঙ্কের আয় প্রবৃদ্ধির আশা করছে প্রতিষ্ঠানটি।

গত তিন মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মুনাফা নিয়ে সতর্কতা জানাল জার্মান প্রতিষ্ঠানটি। চীনজুড়ে দোকানে মানুষের জনসমাগম কমে যাওয়া এবং সেপ্টেম্বর থেকে পশ্চিমা বাজারে মন্দার কারণে অনিশ্চিত পরিস্থিতিতে পড়েছে সংস্থাটি। এরই মধ্যে এডিডাস জুলাইয়ের সতর্কবার্তায় চীনে দুর্বল বিক্রির বিষয়টি তুলে ধরেছে। দেশটি একসময় এডিডাসের বিক্রয় প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছে। কিন্তু দীর্ঘস্থায়ী কভিডজনিত লকডাউন ও বিধিনিষেধের কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে সংস্থাটির বিক্রি নিম্নমুখী রয়েছে।

অন্যদিকে পশ্চিমা দেশগুলোয় ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ভোক্তাদের ব্যয় সক্ষমতাকে সংকুচিত করেছে। ফলে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত মজুদ কমাতে হিমশিম খাচ্ছে।

ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ায় কার্যক্রম বন্ধের কারণেও বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে এডিডাসকে।