গত এপ্রিলে গ্রাহকদের ৩৬০ ইউনিট বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) সরবরাহ করেছে লুসিড মোটরস। বিপরীতে মার্কিন ইভি নির্মাতা প্রতিষ্ঠানটি গত মাসে কেবল ৩০০ ইউনিট গাড়ি বিক্রি করেছে। এর আগে গত বছরে উৎপাদনে আসে লুসিড মোটরস এবং ২০২১ সালের অক্টোবরে প্রথম গাড়ি সরবরাহ করে। সে তুলনায় এ সরবরাহের সংখ্যাকে উৎসাহজনক বলছেন সংশ্লিষ্টরা। খবর আরব নিউজ।

লুসিড মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার রলিনসন বলেন, আমরা দ্রুত কার্যক্রম বিস্তৃত করছি। ২০২৫ সাল নাগাদ অ্যারিজোনার কারখানাটিতে বার্ষিক গাড়ি উৎপাদন ৩ লাখ ৫০ হাজার ইউনিটে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

লুসিডের গাড়ির দাম ৮৭ হাজার থেকে ১ লাখ ৭৯ হাজার ডলার পর্যন্ত। সংস্থাটি চলতি বছরের শেষ দিকে ৮৭ হাজার ডলার মূল্যের এয়ার পিওর নামে একটি সংস্করণ বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। এয়ার পিওর এক চার্জে ৪০০ মাইলেরও বেশি দূরত্ব পাড়ি দিতে সক্ষম।

পিটার রলিনসন বলেন, উচ্চমানের পণ্যসহ আমরা একটি বিলাসবহুল ব্র্যান্ড হিসেবে লুসিডকে সংজ্ঞায়িত করছি। আপনি বাজার মূল্যায়ন করতে গেলে দেখবেন মূল্যের হিসাবে এটি খুব ভালো মানের পণ্য। তিন বছরের মধ্যে আমরা গাড়ি উৎপাদনের খরচ ও জ্বালানি ব্যয় কমাতে নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছি।

তার মতে, ইভির ক্ষেত্রে প্রধান বাধা হলো গাড়ির উচ্চমূল্য। এজন্য লুসিড মোটরস প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে এমন গাড়ি তৈরির চেষ্টা করছে, সেগুলো কম ব্যাটারি দিয়ে আরো বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এর মাধ্যমে গাড়িগুলো কেনা এবং চালানোর জন্য আলো সাশ্রয়ী হয়ে উঠবে। রলিনসন বলেন, আমরা যখন চলতি দশকের মাঝামাঝিতে পৌঁছব, তখন আমরা মধ্যম আকারের প্লাটফর্ম পেয়ে যাব। সুতরাং তখন আমরা আজকের দামকে ৫০ হাজার ডলারের কাছাকাছি নামিয়ে আনতে পারব।

প্রতিষ্ঠানটি ২০১৮ সালে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সঙ্গে অংশীদারত্ব করে। রলিনসন এটিকে লুসিডের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করেছেন। সে সময় প্রতিষ্ঠানটি মূলধন ঘাটতিতে পড়েছিল এবং পিআইএফ সংস্থাটিকে অর্থায়ন করে।