রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের দক্ষ জনবল নিতে চায় বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গতকাল রাজধানীর মিন্টো রোডে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ডের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। রাশিয়ায় জনবল পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে। আমরা মাত্র তো তাদের দেশে শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু করেছি। আমি আশা করি, সামনে আমরা আরো কাজ করতে পারব। তারা কৃষি খাতে শ্রমিক নিতে চায়, মাছ ধরার কাজে নিতে চায়। আরো অনেক খাতেই দক্ষ শ্রমিক নিতে চায় তারা।’
তিনি বলেন, ‘রাশিয়া প্রথম ধাপে ৬০ থেকে ৬৫ জন শ্রমিক নিতে চায়। এরপর পর্যায়ক্রমে তারা আরো দক্ষ শ্রমিক নেবে। শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয়টি কোম্পানি দেখবে বলে নিশ্চিত করেছে। আমাদের এখানে জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ শ্রমিক আছে। আমাদের মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ইনস্টিটিউট আছে। রাশিয়ার চাহিদামাফিক শ্রমিক পাঠাতে সক্ষমতা আমাদের আছে।’
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমি আশা করি খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে এবং আমরা আগের মতো কাজ করতে পারব। যেসব খবর আসছে আমাদের কাছে, আমরা সেগুলো তদন্ত করে দেখছি। পরে এ বিষয়ে আমরা বিস্তারিত জানাব।’










