মাস্টারকার্ডের সঙ্গে যৌথ উদ্যোগে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারদের জন্য গুগল পে সেবা চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এর ফলে গ্রাহকরা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে দেশে-বিদেশে দ্রুত ও নিরাপদে কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি রাজধানীর পুলিশ প্লাজায় এক অনুষ্ঠানে সেবাটির ব্যবহারিক কার্যক্রম প্রদর্শন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বাংলাদেশের প্রথম ও একমাত্র সফটপজ সমাধান ‘মুঠোপে’ ব্যবহার করে বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানে গুগল পের মাধ্যমে পেমেন্ট করেন।

অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। অন্যদিকে মাস্টারকার্ডের পক্ষে ছিলেন ইন্ডিয়া ও সাউথ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল; শ্রীলংকা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সান্দুন হাপুগোদা এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমটিবির মাস্টারকার্ডধারীরা গুগল পে অ্যাপে তাদের কার্ড যুক্ত করে বিশ্বজুড়ে লাখো মার্চেন্ট প্রতিষ্ঠানে লেনদেন করতে পারবেন। পাশাপাশি অনলাইন ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে কেনাকাটার মূল্য পরিশোধ করা যাবে।