চলতি বছর পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশের বেশি কমার আশঙ্কা রয়েছে। রাশিয়াভিত্তিক বাজার পরামর্শকপ্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড পার্টনার্স সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। 

প্রতিষ্ঠানটি জানায়, ২০২১ সালে রাশিয়া পাইপলাইনের মাধ্যমে দৈনিক ২০ হাজার ৬০০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস রফতানি করে। ২০২২ সালে তা প্রায় ৫০ শতাংশ কমে ১২ হাজার ২০০ কোটি ঘনফুটে নেমে যায়। ইউক্রেন সংঘাত ইস্যুতে পশ্চিমা দেশগুলোর একের পর নিষেধাজ্ঞা রফতানি কমে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। এছাড়া ইউরোপের ক্রেতাদের ওপর ডলারের পরিবর্তে রুবলে গ্যাস আমদানির শর্তও রফতানি কমার অন্যতম কারণ। 

চলতি বছর পাইপলাইন গ্যাস রফতানি আরো কমে দৈনিক আট হাজার কোটি ঘনফুটে নামতে পারে বলে মনে করছেন জ্যাকভ অ্যান্ড পার্টনার্স। ইউরোপের বাজারে দেশটির গ্যাসের হিস্যা কমে যাওয়ায় রফতানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

রাশিয়া ২০২২ সালে গ্যাস রফতানি করে ১৩ হাজার ৮০০ কোটি ডলার আয় করেছিল। ইউরোপের বাজারে আকাশচুম্বী দাম এমন প্রবৃদ্ধিতে সহায়তা করে। তবে এ বছর আয় ৬৮ দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৩০০ কোটি ডলারে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।