গতকাল ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান।

সভায় পরিচালনা পর্ষদের সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ, লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক, আসফা আখতার, কেএম জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ওই নির্দেশনার আলোকে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুধু ব্যক্তি আমানতকারীদের জন্য প্রয়োজন অনুযায়ী আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ উত্তোলনের সুবিধা কার্যকর করার বিষয়ে পদক্ষেপ নেয়া হয়। এছাড়া ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব অনুমোদনসহ ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।