কয়লার ভিত্তিমূল্য বাড়িয়েছে ইন্দোনেশিয়া। এ ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে জ্বালানি পণ্যটির ভিত্তিমূল্য আগের মাসের তুলনায় বেড়ে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে। মূলত রফতানি চাহিদা বাড়তির দিকে থাকায় জানুয়ারিতে কয়লার ভিত্তিমূল্য বাড়াল ইন্দোনেশিয়া। খবর জার্কাতা পোস্ট ও রয়টার্স।
ইন্দোনেশিয়ায় কয়লার ভিত্তিমূল্য এইচবিএ নামে পরিচিত। দেশটির জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালের ডিসেম্বরে প্রতি টন কয়লার এইচবিএ ছিল ৫৯ ডলার ৬৫ সেন্ট। জানুয়ারিতে তা বাড়িয়ে টনপ্রতি ৭৫ ডলার ৮৪ সেন্টে উন্নীত করা হয়েছে।
সেই হিসাবে, এক মাসের ব্যবধানে ইন্দোনেশিয়ায় কয়লার এইচবিএ বেড়েছে টনে ১৬ ডলার ১৯ সেন্ট। এর মধ্য দিয়ে ইন্দোনেশীয় কয়লার এইচবিএ বেড়ে ২০১৯ সালের জুনের পর সর্বোচ্চ অবস্থানে উঠেছে।
দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র আগুং প্রিবাদি বলেন, ইন্দোনেশিয়া থেকে রফতানি হওয়া কয়লার দ্বিতীয় বৃহত্তম গন্তব্য চীন। দেশটির বাজারে ইন্দোনেশীয় কয়লার রফতানি চাহিদা ক্রমশ চাঙ্গা হয়ে উঠছে। এর জের ধরে জানুয়ারিতে রফতানিযোগ্য কয়লার ভিত্তিমূল্য বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, বিদ্যমান করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২১ সালের জন্য সব মিলিয়ে ৫৫ কোটি টন কয়লা উত্তোলনের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে ইন্দোনেশিয়া সরকার। তবে মহামারী পরিস্থিতি দীর্ঘমেয়াদে বজায় থাকলে জ্বালানি পণ্যটির উত্তোলনে এ লক্ষ্য সংশোধন করা হতে পারে। বিদায়ী বছরে দেশটিতে একই পরিমাণ কয়লা উত্তোলন হয়েছে বলে প্রাথমিক পরিমাপে আশা করছে ইন্দোনেশিয়ার জ্বালানি মন্ত্রণালয়।










