যুক্তরাষ্ট্রের পাইকারি পর্যায়ের মূল্যস্ফীতিও কিছুটা ধীর হয়েছে। আগস্টে দেশটির এ মূল্যস্ফীতি গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এটি এখনো বেদনাদায়ক পর্যায়ে থাকলেও জুলাইয়ের ৯ দশমিক ৮ শতাংশের তুলনায় কিছুটা কম।
রয়টার্সের খবর অনুসারে, আগস্টে পাইকারি মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাসে এ মূল্যস্ফীতি নিম্নমুখী হয়েছে। বাজারে অস্থিরতার মধ্যে থাকা জ্বালানি ও খাদ্যের দাম বাদ দিয়ে হিসাব করা কোর মূল্যস্ফীতি জুলাই থেকে আগস্টে দশমিক ৪ শতাংশ এবং এক বছর আগের তুলনায় আগস্টে ৭ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
ভোক্তা মূল্যস্ফীতিকে চালিত করা পরিষেবা মূল্যস্ফীতি গত মাসে দশমিক ৪ শতাংশ বেড়েছে। গণপরিবহন, গাড়ি ভাড়া ও আর্থিক পরিষেবায় উচ্চ ব্যয়ের কারণে এ মূল্যস্ফীতি বেড়েছে। তবুও সাম্প্রতিক এ প্রতিবেদন উৎসাহজনক ছিল। কারণ পাইকারি পর্যায়ে খাদ্য ব্যয় আগস্টে জুলাইয়ের তুলনায় সমতল ছিল। যদিও এটি আগের মাসে ১ দশমিক ৩ শতাংশ বেড়েছিল।










