ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল এফসি বিক্রির বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কাতারের বিনিয়োগকারীরা আলোচনায় রয়েছেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, উভয় দেশের দুটি কনসোর্টিয়ামের সঙ্গে ৫০০ কোটি ডলারে এটি বিক্রির আলোচনা চলছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

প্রতিবেদনে বলা হয়, লিভারপুলের মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ ক্লাবটি বিক্রির জন্য সৌদি আরব ও কাতারের কনসোর্টিয়ামের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও লিভারপুল এফসি ও তার প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বরাবরই বলে আসছে কনসোর্টিয়াম দুটিই প্রাইভেট কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।

এদিকে সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল জানান, ম্যানচেস্টার ইউনাইটেড বা লিভারপুলকে কিনতে চাওয়া বেসরকারি খাতের কোম্পানির যেকোনো প্রস্তাবকে (বিড) সৌদি সরকার সহযোগিতা করবে।