চলতি বছরে থাইল্যান্ডের অর্থনীতি ৩ দশমিক ৮ শতাংশ সম্প্রসারিত হচ্ছে। পর্যটন খাতের ওপর দাঁড়িয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। শনিবার এমনই আশাবাদ ব্যক্ত করেন থাইল্যান্ডের অর্থমন্ত্রী আরখম টার্মপিটায়াপাইসিথ। রেডিও থাইল্যান্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অভ্যন্তরীণ ব্যয় বেড়েছে এবং প্রবৃদ্ধি চাঙ্গায় সরকার তার বৃহৎ বিনিয়োগ প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। বৈশ্বিক শ্লথগতিতে রফতানি ক্ষতিগ্রস্ত হলেও পর্যটনে আশা দেখছে থাইল্যান্ড। গত বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৬ শতাংশ। পর্যটন খাত ঘুরে না দাঁড়ানোয় এশিয়ার অন্যান্য অর্থনীতির চেয়ে প্রবৃদ্ধি হারে পিছিয়ে ছিল থাইল্যান্ড। ২০২৩ সালে ২ কোটি ৭৫ লাখ পর্যটক আশা করছে থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয়। ২০২২ সালে দেশটিতে পর্যটক আগমন হয়েছিল ১ কোটি ১১ লাখ ৫০ হাজার। পূর্বাভাসের চেয়ে গত বছর পর্যটক আগমন বেশি হলেও মহামারীপূর্ব ২০১৯ সালের চার কোটির চেয়ে অনেক কম। চীনা পর্যটকরা থাইল্যান্ডমুখী হলে ২০২৩ সালে পূর্বাভাসের চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পারে দেশটি। রয়টার্স