কভিড-১৯ মহামারীর সংক্রমণপ্রবাহ কিছুটা কমে আসায় বিধিনিষেধ শিথিল হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় অর্থনীতি পুনরুদ্ধার শুরু হয়েছে বিভিন্ন দেশে। তবে প্রত্যাশাস্বরূপ পুনরুদ্ধার করতে না পারায় জি২০ জোটভুক্ত দেশগুলোর দীর্ঘমেয়াদি ক্ষত দেখা দিয়েছে। খবর দ্য ন্যাশনাল।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য বলছে, দুর্বল অর্থনৈতিক পুনরুদ্ধারের জের ধরে জি২০ জোটে কর্মসংস্থানের হার প্রাক-মহামারীর প্রক্ষেপণের থেকে কম ছিল। অস্থায়ী কর্মসংস্থান দেশগুলোয় ব্যাপকভাবে জনপ্রিয়। কভিডের চরম সংকটময় মুহূর্তে অস্থায়ী কর্মসংস্থানের হার কমতে শুরু করে। সম্প্রতি আবারো পুনরুদ্ধার হয়েছে অস্থায়ী কর্মসংস্থানগুলো। কয়েকটি জি২০ জোটভুক্ত দেশগুলোয় মোট কর্মসংস্থানের বিপরীতে অস্থায়ী কর্মসংস্থানের হার কভিডপূর্ব সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ভবিষ্যতে এ হার আরো বাড়তে পারে বলে আইএমএফের প্রতিবেদনে বলা হয়। অস্থায়ী কর্মীরা তুলনামূলক কম বেতন পান। সম্প্রতি এক ব্লগে আইএমএফ জানায়, সংকটের অভিঘাত কাটিয়ে উঠতে নীতিনির্ধারকদের যথাযথ পদক্ষেপ নিতে হবে।

এদিকে রাশিয়া-ইউক্রেন সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে নতুন আশঙ্কা তৈরি করেছে। যুদ্ধের কারণে এ বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ। পণ্যমূল্যের ঊর্ধ্বগতিসহ মূল্যস্ফীতির হার লাফিয়ে লাফিয়ে বেড়েছে বিভিন্ন দেশে। আইএমএফের নতুন প্রাক্কলন অনুযায়ী, ২০২২ ও ২০২৩ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৬ শতাংশ। জানুয়ারির পূর্বাভাসের চেয়ে বৈশ্বিক প্রবৃদ্ধির হার যথাক্রমে দশমিক ৮ ও দশমিক ২ শতাংশ পয়েন্ট কমিয়েছে সংস্থাটি।

এদিকে মহামারীতে বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এতে সব থেকে বেশি প্রভাবিত হয় দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা। এ সংকট কাটিয়ে উঠতে না পারলে ভবিষ্যতে শিক্ষার্থীদের আজীবন কম উপার্জন করতে হতে পারে বলে সতর্ক করেছে আইএমএফ। পরবর্তী সময়ে এ শিক্ষার্থীরা শ্রমবাজারের অন্তর্ভুক্ত হলে দীর্ঘমেয়াদে উন্নত জি২০ অর্থনীতিগুলোর জিডিপি ৩ শতাংশ কমার আশঙ্কা রয়েছে।