ভিয়েতনামে চলতি সপ্তাহে বেড়েছে কফির দাম। সীমিত সরবরাহ ও বাড়তি চাহিদার কারণে এ দর বৃদ্ধি বলে জানা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশটিতে এ বছর উৎপাদন কমার আশঙ্কা রয়েছে। একই সময়ে ইন্দোনেশিয়ায় জনপ্রিয় পানীয় পণ্যটির দাম অপরিবর্তিত। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের বৃহত্তম কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডের কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি বিক্রি করছেন ৫৯ হাজার ৯০০ থেকে ৬০ হাজার ৫০০ ডংয়ের (ভিয়েতনামি মুদ্রা) মধ্যে বা ২ ডলার ৪৭ সেন্ট থেকে ২ ডলার ৪৯ সেন্টের মধ্যে। গত সপ্তাহে একই কফি বিক্রি হয়েছে কেজিপ্রতি ৫৭ হাজার ৮০০ ডং থেকে ৫৯ হাজার ডংয়ের মধ্যে।

এক পূর্বাভাসে বলা হয়েছে, ‘গত বছরের তুলনায় চলতি বছর ভিয়েতনামে কফির উৎপাদন ১০ শতাংশ কমে যেতে পারে।’ ভিয়েতনামভিত্তিক ব্যবসায়ীরা বলছেন, মূলত উৎপাদন কমার কারণে দাম বাড়ছে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৩-২৪ মৌসুমে কফি উৎপাদন ২ কোটি ৭৮ লাখ ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি) নামতে পারে, যা গত মৌসুমের ৩ কোটি ১৩ লাখ ব্যাগ থেকে কম। এদিকে ইন্দোনেশিয়ার কফি উৎপাদনও ১৮ দশমিক ১৪ শতাংশ কমে ৯৭ লাখ ব্যাগে নামার পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ।