নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের স্কিফল বিমানবন্দর কর্তৃপক্ষ উড়োজাহাজ সংস্থাগুলোকে ফ্লাইট স্থগিত করার নির্দেশ দিয়েছে। ছুটির মৌসুম সামনে রেখে ভিড় এড়ানোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দরটি। খবর রয়টার্স।

স্কিফল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মী সংকটের কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রয়টার্সকে দেয়া এক ই-মেইলে স্কিফল জানায়, চলতি সপ্তাহে স্থানীয় যাত্রীদের বুকিং বাতিল করার জন্য উড়োজাহাজ সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ২-৮ মে পর্যন্ত স্কিফল বিমানবন্দরের জন্য নতুন বুকিং বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এটি অসন্তোষজনক হলেও যাত্রী ভিড় কমানোর জন্য এ পদক্ষেপ নেয়া জরুরি।

এদিকে যাত্রীদের নির্দিষ্ট ফ্লাইটের তথ্য জানতে উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে স্কিফল। তবে বিমানবন্দরটির এ সিদ্ধান্তের জন্য ঠিক কতগুলো ফ্লাইট প্রভাবিত হবে সে বিষয়ে কিছু জানাতে অসম্মতি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। শ্রমবাজারে সংকটের কারণে স্কিফল বিমানবন্দরে কর্মী সংকট দেখা দিয়েছে। ফলে ছুটির মৌসুমে অতিরিক্ত যাত্রীর ভিড় সামলানো কঠিন হয়ে পড়বে স্কিফলের জন্য।