দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে অসামান্য অবদান রাখায় দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস-২০২৩ পেয়েছে এক উদ্যোক্তা ও পাঁচ স্থানীয় প্রতিষ্ঠান। গতকাল রাজধানীর একটি হোটেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার ক্যাটাগরিতে আইটি কনসালট্যান্ট লিমিটেডের সিইও কাজী সাইফুদ্দিন মুনীর, ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার ক্যাটাগরিতে পিকাবো ডটকম, আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার পেয়েছে দুটি স্টার্টআপ—ট্রাক লাগবে, মনের বন্ধু। আন্তর্জাতিক বাজারে আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার হয়েছে ডায়নামিক সলিউশন ইনোভেটরস লিমিটেড, স্থানীয় বাজারে আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার হয়েছে ডিভাইন আইটি লিমিটেড।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, ‘আমাদের সরকারের প্রধান কাজ হবে আইসিটি খাতের উদ্যোক্তাদের শক্তির জোগান দেয়া। ক্ষেত্রটাকে আরো মসৃণ করা। যাতে তারা তাদের অর্জনগুলো আরো বাইরে নিয়ে আসতে পারেন।’
তিনি বলেন, ‘সরকারে যেহেতু আছি, কাজ করি। জেনেবুঝেই কাজটা করি। বিশ্বাস যদি না করতাম, আস্থা না থাকত, শুধু হালুয়া-রুটির সন্ধানে এখানে থাকতাম না। সময় পার হয়ে গেছে। বিশ্বাস থেকেই এখানে আছি। আইসিটি খাতকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নানা ধরনের উদ্ভাবনী চিন্তা ছিল। তিনি খুব সাহসের সঙ্গে এটাকে সামনে এগিয়ে নিয়ে যান।’
প্রকল্পের দীর্ঘসূত্রতার সমালোচনা করে ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘আমরা যখন কথা বলি, নীতি নির্ধারণ করি, পরিকল্পনা করি তখন কাজগুলোর লক্ষ্য নির্ধারণ ও বাস্তবায়ন যথাযথভাবে করতে হবে। আমাদের অনেক সুন্দর আইন রয়েছে, কার্যকর পরিকল্পনা রয়েছে। কিন্তু তিন বছরের প্রকল্প সাত বছরে শেষ হয়, এক বছরের প্রকল্প তিন বছরে শেষ হয়। কেন? যে পরিকল্পনা করে ফেলা হয়েছে তা কতবার আপনি পড়বেন? যে পরিকল্পনা সংশোধন করতে হয় সেটা কী ধরনের পরিকল্পনা? বাস্তবতা পরিবর্তন হলে পরিকল্পনা পরিবর্তন করতে হয়। বাস্তবতার পরিবর্তন না হলে পরিকল্পনা কেন পরিবর্তন হয়?
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘আগামী দিনে আইসিটি খাত পরিবর্তনের নিউক্লিয়াস হিসেবে কাজ করবে। এখন আইসিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা অনেকগুলো স্টার্টআপ করেছি, মিলিয়ন ডলারের বিনিয়োগ এনেছি। এটা পর্যাপ্ত নয়। আমাদের আরো করতে হবে। আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে তথ্যপ্রযুক্তি খাতে আরো ভালো বিনিয়োগ করতে হবে। আগামী দিনে এ খাত বৈদেশিক মুদ্রার রিজার্ভ তৈরিতেও সহায়তা করবে।’
ব্র্যাক ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ‘আমরা ডিজিটাল বিবর্তনের সাক্ষী হয়ে আছি, ক্রমাগত উদ্ভাবনের গুরুত্ব অনুধাবন করছি। শুধু আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নয়, বাংলাদেশের পরিবর্তনের, উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়ায় যুক্ত থাকতে পেরে আমরা গর্ব অনুভব করছি।’
তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে বিডি জবস, চাল-ডাল, আরকে ডিল, রকমারি, গ্রাফিকস পিপলসহ বেশকিছু উল্লেখযোগ্য আইসিটি কোম্পানি দেশকে আইসিটির হোম গ্রাউন্ড করে তুলেছে। উচ্চ প্রবৃদ্ধির এসব কোম্পানি আগামী দিনে বাংলাদেশের ট্রিলিয়ন ডলার অর্থনীতি এবং উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে প্যানেল আলোচনায় এসবিকে টেক ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবিরের সঞ্চালনায় বিডি জবসের সহপ্রতিষ্ঠাতা জাফরি মসুর, মাইএশিয়াভিসির ম্যানেজিং পার্টনার সাজিদ রহমান, পাঠাওয়ের এমডি ও সিইও ফাহিম আহমেদ অংশ নেন।










