গত বছর দক্ষিণ কোরীয় পণ্য ক্রয় কমিয়ে দিয়েছে চীনা গ্রাহকরা। কোরীয় পণ্যে চীনা গ্রাহকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে। দ্য কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের (কেআইটিএ) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
চীনের ১০টি প্রধান শহরে বসবাসকারী এক হাজার ভোক্তার ওপর জরিপ চালিয়েছে কেআইটিএ। কভিড-১৯ মহামারী শুরুর পর কোরীয় পণ্যের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করেছে চীনা গ্রাহকদের। জরিপে দেখা গেছে, পাঁচ বছরে অন্তত একবার কোরীয় পণ্য ক্রয় করেছে এমন ভোক্তার হার ৪৩ দশমিক ১ শতাংশ। ২০২০ সালে এ হার যেখানে ছিল ৭৮ দশমিক ৭ শতাংশ। ২০-৩০-এর কোটায় থাকা চীনা ভোক্তাদের মধ্যে কোরীয় পণ্যের প্রতি আগ্রহ লক্ষণীয় পরিমাণে কমেছে। সাংহাই ও বেইজিংয়ের মতো প্রধান শহরগুলোয়ও কমছে কোরীয় পণ্য ক্রয়। তবে খাদ্যসহ সৌন্দর্য ও ফ্যাশন পণ্যের মতো সর্বোচ্চ বিক্রীত পণ্যের কেনাকাটায় তেমন পরিবর্তন হয়নি।
অবশ্য পণ্যের মান, বিক্রয়-পরবর্তী সেবা ও উচ্চমূল্য নিয়ে অভিযোগ আগের তুলনায় বেড়েছে। কেআইটিএ বলছে, মহামারী শুরুর পর অনেক চীনা ভোক্তাই স্থানীয় পণ্যে ঝুঁকেছে। অনেকে আবার ইউরোপ, যুক্তরাষ্ট্র ও জাপানের পণ্য ক্রয় শুরু করেছে।










