চীনের পূর্বাঞ্চলীয় শহর চাংঝোতে গাড়ি কারখানা বন্ধ করে দিয়েছে নিশান মোটর। গাড়ির বাজারে ক্রমবর্ধমান মন্দা কাটাতে এ সিদ্ধান্ত নিয়েছে জাপানি এ অটোমেকার। খবর নিক্কেই এশিয়া।

জিয়াংসু প্রদেশের এ প্লান্টে স্পোর্টস ইউটিলিটি ধাঁচের কাশকাই কম্প্যাক্ট কার তৈরি করত নিশান। এ প্লান্টের উৎপাদনক্ষমতা বার্ষিক প্রায় ১ লাখ ৩০ হাজার ইউনিট, যা চীনে নিশানের মোট উৎপাদনক্ষমতার ৮ শতাংশেরও বেশি। গত শুক্রবার ছিল কারখানাটির শেষ দিন। 

চীনের ডংফেং মোটরের সঙ্গে যৌথ উদ্যোগে স্থানীয় ব্যবসা পরিচালনা করে আসছে নিশান। এর মাধ্যমে গুয়াংডং প্রদেশের গুয়াংজু সিটিতে একটিসহ চীনে আটটি গাড়ির কারখানা চালাচ্ছে। এ কারখানাগুলোর বার্ষিক উৎপাদনক্ষমতা প্রায় ১৬ লাখ ইউনিট।

চীনে কম মূল্য বিদ্যুচ্চালিত গাড়ি শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে। এছাড়া চীনের মূল্য কমানোর প্রতিযোগিতা বাজারে প্রভাব ফেলছে। এসব কারণে বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় নিশান প্লান্টটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। 

গত মাসে নিশানের নতুন গাড়ির বিক্রি এক বছর আগের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কমে চীনে ৬৪ হাজার ২৩৩ ইউনিটে দাঁড়িয়েছে। বার্ষিক বিক্রির হিসাবে এটি ছিল টানা দ্বিতীয় মাসের পতন।

নিশান জায়েছে, উত্তর-পূর্ব শহর দালিয়ানের একটি প্লান্টে কাশকাই মডেল উৎপাদন করা হবে।

মিৎসুবিশি মোটরস গত বছর চীনে উৎপাদন থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। গত মাসে হোন্ডা স্থানীয় কর্মচারীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে।