বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) যন্ত্রাংশ তৈরির জন্য ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সঙ্গে অংশীদারত্বে যাচ্ছে জার্মানিভিত্তিক ফক্সওয়াগন। সম্প্রতি উভয় কোম্পানি এ ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স।
প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বর্তমানে সহযোগিতার ক্ষেত্রগুলো অনুসন্ধান করছে ফক্সওয়াগন ও মাহিন্দ্রা। ২০২২ সালের শেষ নাগাদ সংস্থাগুলোর মধ্যে সরবরাহ চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
মাহিন্দ্রা বৈদ্যুত্যিক যানবাহনের জন্য একটি প্লাটফর্ম তৈরি করছে বর্ন ইলেকট্রিক নামে। সেখানে সংস্থাটি ইলেকট্রিক মোটরস, ব্যাটারি সিস্টেম পার্টস ও ব্যাটারি সেল ব্যবহার করবে, যেগুলো সংগ্রহ করা হবে ফক্সওয়াগন থেকে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে হাজার কোটি ডলারের প্রস্তাব দিচ্ছে দেশে ইভি এবং স্থানীয়ভাবে সেসবের যন্ত্রাংশ তৈরি করার জন্য। কারণ ভারতের এখন নজর নিজেদের জলবায়ু পরিবর্তন ও কার্বন নিঃসরণ লক্ষ্য অর্জন করার দিকে।










