চলতি বছর ভিয়েতনামের ইস্পাত উৎপাদন ও ব্যবহার উভয় বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে দেশটির স্টিল অ্যাসোসিয়েশন। এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ২০২৪ সালে ভিয়েতনামের ইস্পাত উৎপাদন ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়াতে পারে ২ কোটি ৯০ লাখ টনে। একই সময়ে দেশটিতে ধাতুটির ব্যবহার ৭ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ কোটি ১৬ লাখ ৭০ হাজার টনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। খবর ভিয়েতনাম নিউজ।
ভিয়েতনাম স্টিল অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞদের প্রত্যাশা, ২০২৪ সালে তাদের অভ্যন্তরীণ ইস্পাত খাত ঘুরে দাঁড়াবে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিন কোওক থাই বলেছেন, এ বছর ভিয়েতনামের আবাসন বাজার পুনরুদ্ধারের সঙ্গে নির্মাণ খাতও চাঙ্গা হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ফলে ইস্পাতের ব্যবহার বাড়বে।
তিনি বলেন, ‘২০২৪ সালে সরকারি বিনিয়োগের মূলধন বিতরণ বাড়াতে পারে, যা যুগান্তকারী প্রবৃদ্ধি আনবে। বিশেষ করে ইস্পাতসহ কিছু খাতের সম্প্রসারণ ঘটাতে সহায়ক হবে।’
এদিকে দেশটির স্টিল অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভিয়েতনামে ইস্পাত বিক্রি নভেম্বরে ২০ ও ডিসেম্বরে ৪০ শতাংশ বেড়েছে। ২০ মাসের মধ্যে এটিই সর্বোচ্চ বিক্রির খবর। ফলে দেশটির নির্মাণ খাত ও ইস্পাত শিল্পে ক্রমেই ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা।










