চলতি বছরের আগস্টে অপরিশোধিত জ্বালানি তেলের রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) বেঁধে দেয়া কোটার তুলনায় বাড়তি জ্বালানি তেল উত্তোলন করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মূলত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের উত্তোলন বাড়িয়ে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোয় সরবরাহ করেছে দেশটি। খবর অয়েলপ্রাইসডটকম।
ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী হিসেবে সৌদি আরব ও ইরাকের পর তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ইউএই। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টে ইউএইতে নিজস্ব কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ২৬ লাখ ৯৩ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। ওপেকের সদস্য হিসেবে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন হ্রাস চুক্তির শর্ত মেনে চলছে ইউএই। জোটের পক্ষ থেকে দেশটিকে জ্বালানি পণ্যটির উত্তোলন প্রতিদিন গড়ে ২৫ লাখ ৯০ হাজার ব্যারেলে সীমিত রাখার কোটা বেঁধে দেয়া হয়েছে। তবে আগস্টে দেশটি নির্ধারিত কোটার তুলনায় অতিরিক্ত এক লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে।
ওপেকের এক নোটে বলা হয়েছে, চলতি বছরের জুলাইয়ে ইউএইতে নিজস্ব কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ২৪ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল। সেই হিসাবে এক মাসের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন বেড়েছে ২ লাখ ৬৩ হাজার ব্যারেল। এর আগে জুলাইয়েও দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন আগের মাসের তুলনায় ৯৮ হাজার ব্যারেল বেড়েছিল। তবে ওই সময় সৌদি আরব, কুয়েত ও ইউএই সম্মিলিতভাবে ওপেক প্লাস জোটের কোটা মেনে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন ১০ লাখ ব্যারেল কমিয়ে এনেছিল।
তবে পরপর দুই মাস ধরে ইউএইতে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন বাড়তির দিকে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গরম আবহাওয়ার কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোয় জ্বালানি চাহিদা বেড়ে যাওয়ায় ওপেকের বেঁধে দেয়া কোটার তুলনায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়িয়েছে ইউএই।










