দীর্ঘ সময় কভিডজনিত বিধিনিষেধের ভেতর চীন। প্রায় আড়াই বছর ধরে জিরো কভিড নীতি অব্যাহত রেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এদেশ। সর্বশেষ মার্চের শেষদিকে দেশটিতে আবারো ঊর্ধ্বমুখী হয় কভিড সংক্রমণের গতি। বাণিজ্যনগরী সাংহাইসহ গুরুত্বপূর্ণ শহরগুলোয় আরোপ হয়েছে লকডাউন। স্থবিরতার মুখে পড়ে শিল্পোৎপাদন খাত। ফলে এপ্রিলে দেশটির শিল্প খাতের মুনাফায় বড় ধরনের পতন হয়েছে। গত মাসে দেশটির এ খাতের মুনাফা এক বছর আগের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ কমেছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা এপ্রিলে দুই বছরের মধ্যে দ্রুততম গতিতে কমে গিয়েছে। কাঁচামালের উচ্চমূল্য এবং কভিডজনিত লকডাউন সরবরাহ চেইন বিঘ্ন হওয়ায় কারখানার কার্যক্রম কমে যায় এবং মুনাফা মার্জিন সংকুচিত হয়।
সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (এনবিএস) তথ্যের ওপর ভিত্তি করে রয়টার্সের বিশ্লেষণ অনুসারে, গত মাসে এ খাতের মুনাফা ৮ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছে। যেখানে মার্চেও শিল্প খাতের মুনাফা ১২ দশমিক ২ শতাংশ প্রসারিত হয়েছিল। এপ্রিলে মুনাফা কমার হার ২০২০ সালের মার্চের পর সর্বোচ্চ।
এনবিএসের জ্যেষ্ঠ পরিসংখ্যানবিদ ঝু হং এক বিবৃতিতে বলেন, এপ্রিলে চীনজুড়ে ব্যাপক হারে কভিডের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপিত লকডাউন শিল্প সংস্থাগুলোর উৎপাদন ও কার্যক্রমে বড় ধাক্কা সৃষ্টি করে। এটি শিল্প খাতের মুনাফা কমিয়ে দিতে অবদান রেখেছে।
ঝু হং বিবৃতিতে ৮ দশমিক ৫ শতাংশ মুনাফা কমার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও উচ্চ দাম জ্বালানি সংস্থাগুলোর মুনাফা বাড়িয়ে দিয়েছে। যেমন খনি খাতের মুনাফা বেড়েছে ১৪২ শতাংশ। যেখানে উৎপাদন সংস্থাগুলোর মুনাফা কমেছে ২২ দশমিক ৪ শতাংশ। চলতি বছরের প্রথম চার মাসে কভিডের সংক্রমণ ছড়িয়ে পড়া বেইজিংয়ের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের মুনাফা যথাক্রমে ১৬ দশমিক ৭ শতাংশ ও ৮ দশমিক ১ শতাংশ কমেছে। গত মাসে গাড়ি উৎপাদন শিল্পের মুনাফা কমার হার ৬ দশমিক ৭ শতাংশ।
খাতসংশ্লিষ্টদের মতে, চীনের জিরো কভিড নীতির কারণে শিল্প খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এ নীতির কারণে কারখানা বন্ধ রাখতে হয়েছে এবং মহাসড়ক ও বন্দরগুলোর কার্যক্রম সীমাবদ্ধ ছিল। এপ্রিলে চীনের বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের শিল্পোৎপাদন ৬১ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছে। পূর্ণাঙ্গ লকডাউনের মধ্যে থাকায় এ হার দেশজুড়ে ২ দশমিক ৯ শতাংশ হ্রাসের তুলনায় অনেক বেশি। ঝু হং বলেন, বর্তমানে সাংহাইয়ে কভিড প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের উন্নতি হয়েছে এবং ধীরে ধীরে কার্যক্রম পুনরুদ্ধার হচ্ছে। ফলে শিল্প সংস্থাগুলো দ্রুতই সাম্প্রতিক লকডাউনের প্রভাব কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চীনের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জানুয়ারি-এপ্রিল সময়ে শিল্প সংস্থাগুলোর মুনাফা ২ লাখ ৬৬ হাজার কোটি ইউয়ানে (৩৯ হাজার ৫০১ কোটি ডলার) উন্নীত হয়েছে। এ মুনাফার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ৩ দশমিক ৫ শতাংশ বেশি। যেখানে বছরের প্রথম তিন মাসে মুনাফা বাড়ার হার ছিল ৮ দশমিক ৫ শতাংশ।
গত মাসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি খুব দুর্বল ব্যবসায়িক কার্যক্রম প্রত্যক্ষ করেছে। এ সময়ে দেশটির রফতানি গতি হারিয়েছে এবং রিয়েল এস্টেট খাত নড়বড়ে রয়ে গেছে। সম্প্রতি চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি স্বীকার করেছেন। তিনি বলেন, কিছু দিক থেকে অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো ২০২০ সালের তুলনায় আরো খারাপ ছিল। এজন্য দ্বিতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব বেকারত্বের হার কমাতে এবং অর্থনৈতিক কার্যক্রমকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হচ্ছে। সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।










