ঈদুল আজহা উপলক্ষে টানা ছয়দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১১টায় ভারত থেকে আমদানীকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এতে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। তবে ঈদের আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরো দু-একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘‌ঈদুল আজহা উপলক্ষে বন্দরের আমদানি-রফতানিকারকরা এক বৈঠকের মাধ্যমে টানা ছয়দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেন। সে মোতাবেক গত ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। ঈদের ছুটি শেষে পুনরায় দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।’