জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ মেলার আয়োজন করেছে। গত বুধবার জেলা বিসিক শিল্পনগরী এলাকায় আয়োজিত এ মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি।
মেলায় ৭০টি স্টলে হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী, পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, গৃহস্থালি পণ্য এবং অন্যান্য দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা।










