যুক্তরাষ্ট্রের মিশিগানে ৩৫০ কোটি ডলারের বিদ্যুচ্চালিত গাড়ির ব্যাটারি প্লান্টের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফোর্ড মোটর। শ্রমিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন (ইউএডব্লিউ) ফোর্ড, জেনারেল মোটরস (জিএম) ও স্টেলান্টিসের বিরুদ্ধে ধর্মঘট করে আসছে। এমন পরিস্থিতিতে ফোর্ডের সিদ্ধান্ত উদ্বেগের সৃষ্টি করেছে। খবর রয়টার্স।
ইউএডব্লিউর প্রেসিডেন্ট শন ফেইন ফোর্ডের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ঘোষণাটি লজ্জাজনক। ফোর্ডের পক্ষ থেকে এটা চাকরি ছাঁটাইয়ের হুমকি। আমরা কেবল একটি ন্যায্য পরিবর্তন চাইছি। পরিবর্তে ফোর্ড পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।’
ফোর্ড বারবার আলোচনার জন্য ইউনিয়নের কাছে প্রস্তাব দিয়েছে। ফোর্ড জানায়, ‘আমরা কাজ স্থগিত ও প্রকল্পে নির্মাণ ব্যয় সীমিত করছি। প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে প্লান্টটি পরিচালনা করতে সক্ষম বিবেচিত হলে আবার চালু করা হবে।’










