২০২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এর আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় দ্য সিটি ব্যাংক লিমিটেডের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে প্রায় ১৫ শতাংশ। আর চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এর আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে প্রায় ৯ শতাংশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যাংকটির গতকাল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা থেকে এ আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়েছে। 

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় দ্য সিটি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ১ টাকা ৭ পয়সা। সে হিসাবে বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ১৬ পয়সা বা ১৪ দশমিক ৯৫ শতাংশ। আর চলতি হিসাব বছরের প্রথমার্ধে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮১ পয়সা। সে হিসাবে বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ১৬ পয়সা বা ৮ দশমিক ৮৪ শতাংশ। গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯৬ পয়সায়। 

সর্বশেষ ঋণমান অনুসারে, দ্য সিটি ব্যাংকের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। ব্যাংকটির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যায়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে দ্য সিটি ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এরই মধ্যে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১০ মে।  সমাপ্ত ২০২২ হিসাব বছরে দ্য সিটি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫৮ পয়সা (পুনর্মূল্যায়িত)।