যুক্তরাষ্ট্রের প্রথম প্রান্তিকে গাড়ি বিক্রি বেড়েছে প্রায় ৫ শতাংশ। উচ্চ সুদহার থাকা সত্ত্বেও এ বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে। তবে ইভি গাড়ির মাইলেজের সীমাবদ্ধতা ও চার্জিং অবকাঠামো সম্পর্কে উদ্বেগের কারণে এ সময়ে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি কমেছে। সাম্প্রতিক প্রকাশিত যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতাদের বিক্রয় প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এপি।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রায় ৩৮ লাখ গাড়ি বিক্রি হয়েছে। এছাড়া বার্ষিক বিক্রির হার ১ কোটি ৫৪ লাখ ইউনিটে পৌঁছেছে। মূলত ডিলারদের ইনভেন্টরি প্রাক-মহামারী স্তরের কাছাকাছি ফিরে আসায় নির্মাতারা গাড়ির দাম কমিয়েছে।

আমেরিকান ডাটা অ্যানালিটিকস, সফটওয়্যার ও কনজিউমার ইন্টেলিজেন্স সংস্থা জেডি পাওয়ার জানিয়েছে, মার্চে গাড়ির গড় বিক্রি মূল্য ছিল ৪৪ হাজার ১৮৬ ডলার, যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ কম। এটি মার্চে সবচেয়ে বড় দামের পতনের রেকর্ড করেছে।

চলতি বছরের মার্চে গাড়ি নির্মাতারা গত বছরের তুলনায় দুই-তৃতীয়াংশ বেশি ছাড় দিয়েছে, যা গড়ে প্রায় ২ হাজার ৮০০ ডলার ছিল। এর মধ্যে ইজারা চুক্তিও অন্তর্ভুক্ত ছিল। জেডি পাওয়ার প্রত্যাশা করেছিল গত মাসে খুচরা বিক্রির প্রায় ২৫ শতাংশ ইজারা চুক্তির মাধ্যমে হবে। ২০২২ সালের মার্চের এ হার ছিল ১৯ দশমিক ৬ শতাংশ।

চলতি বছরের প্রথম প্রান্তিকে বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ লাখ ৬৮ হাজার ইউনিটে পৌঁছেছে। এটি ২০২২ সালের ৪৭ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে করা বিক্রির রেকর্ড এবং ৭ দশমিক ৬ শতাংশ বাজার হিস্যার চেয়ে অনেক কম। প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ইভি বিক্রির শেয়ার ৭ দশমিক ১ শতাংশ কমেছে।

গাড়িবিষয়ক ওয়েবসাইট এডমন্ডসের পরিচালক ইভান ড্রুরির মতে, প্রাথমিক ও পরিবেশ সচেতন ক্রেতারা এরই মধ্যে ইভি গাড়ি কিনে ফেলেছেন। এখন গাড়ি নির্মাতারা মূলধারার ক্রেতাদের আকৃষ্ট করতে সমস্যার সম্মুখীন হচ্ছে। এক্ষেত্রে ইভি গাড়ির চার্জিং অবকাঠামো, ব্যাটারি লাইফ ও বীমা ব্যয় সম্পর্কে ক্রেতাদের নানা প্রশ্ন এখনো রয়ে গেছে।

কক্স অটোমোটিভের প্রধান অর্থনীতিবিদ জোনাথন স্মোক এক বাজার প্রতিবেদনে জানান, অটোমোটিভ শিল্প চলতি মৌসুমে বিক্রির শীর্ষে পৌঁছে যেতে পারে। কারণ ক্রেতারা আশা করছেন ফেডারেল রিজার্ভ চলতি বছরের শেষ নাগাদ সুদহার কমানো শুরু করবে। এদিকে যুক্তরাষ্ট্রে বর্তমানে সুদহার এখনো ২৪ বছরের মধ্যে সর্বোচ্চে। ইভান ড্রুরি আরো জানান, সাধারণত দামি গাড়ির চেয়ে বেশি সাশ্রয়ী মূল্যের গাড়ি দ্রুত বিক্রি হয়।