আবাসন ক্রয় ও সরবরাহ জটিলতার কারণে সিঙ্গাপুরে অ্যাপার্টমেন্ট ভাড়ার বাজার আরো ঊর্ধ্বমুখী হতে পারে। রিয়েল এস্টেট খাতের প্রকাশনা প্রতিষ্ঠান ৯৯ডটকো ও এসআরএক্সের তথ্য অনুসারে, গত মাসে অ্যাপার্টমেন্টের ভাড়া বছরওয়ারি হিসাবে প্রায় ৩১ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা ২১ মাস ভাড়া ঊর্ধ্বমুখী রয়েছে। খবর স্ট্রেইটস টাইমস।
৯৯ গ্রুপের গবেষণা প্রধান পাও ইং খুয়ানের মতে, আবাসন ক্রয়ে কঠোরতার কারণে আরো বেশি মানুষ ভাড়া নেয়ার দিকে ঝুঁকছে। এজন্য অ্যাপার্টমেন্ট ভাড়া আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত মাসে সাধারণত প্রবাসীদের কাছে জনপ্রিয় মূল কেন্দ্রীয় অঞ্চলে ভাড়া গত বছরের একই সময়ের চেয়ে ২৯ শতাংশ বেড়েছে। সিঙ্গাপুর বন্ধকি ঋণের সুদের হার বাড়িয়ে গৃহঋণের সীমা কঠোর করেছে। এ অবস্থায় বাড়ির সরবরাহ বাড়িয়ে কিছুটা স্বস্তি না আসা পর্যন্ত ভাড়ার বাজার উত্তাল থাকতে পারে। আগামী বছর বেসরকারি পর্যায়ে প্রায় ১৭ হাজার বাড়ির নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।










