গত বছর রাশিয়ার সঙ্গে চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য রেকর্ড ১৯ হাজার কোটি ডলার।ইউরোপীয় ইউনিয়ন থেকে রাশিয়ার আমদানি কমলেও চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক শক্তিশালী ছিল।   

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের মুখপাত্র লিউ ডালিয়াং এক সংবাদ সম্মেলনে জানান, ২০২২ সালে রাশিয়ায় চীনের রফতানি ছিল এশিয়ার শীর্ষ অর্থনীতির মোট বাণিজ্যের ৩ শতাংশ। রাশিয়ায় চীনা পণ্যের চালান টানা ছয় মাস বেড়েছে। গত বছর রেলপথ হয়ে চীনে রাশিয়ার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) রফতানি ছিল দ্বিগুণেরও বেশি।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব তেল উত্তোলন কোম্পানি গ্যাজপ্রমের মতে, ২০২২ সালে পাওয়ার অব সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানি অন্তত ৫০ শতাংশ বেড়েছে চীনের। রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি গত বছরের প্রথম ১১ মাসে ১০ শতাংশ বেড়ে প্রায় ৮ কোটি টন ছাড়িয়েছে।  

রয়টার্স জানায়, গত ডিসেম্বরে চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্য মন্থর ছিল। গত ডিসেম্বরে রাশিয়া থেকে চীনের আমদানি ৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে। যেখানে নভেম্বরে চীনের আমদানি বেড়েছিল ২৮ দশমিক ৫ শতাংশ। চীনের কভিড বিধিনিষেধ শিথিলের পর করোনা সংক্রমণ বৃদ্ধিতে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বাণিজ্য কিছুটা হ্রাস পেয়েছে।