চলতি সপ্তাহে ভারত থেকে রফতানীকৃত চালের দাম কিছুটা কমেছে। মূলত সরবরাহের পরিমাণ ভালো থাকায় এমনটা দেখা গিয়েছে। অন্যদিকে একই সময়ে এশিয়ায় ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে ভিয়েতনামে চালের দাম বাড়ার দৃশ্য দেখা যায়। খবর বিজনেস রেকর্ডার।

ভারতের ৫ শতাংশ ভাঙা অফুটন্ত ধরনের চালের দাম টনপ্রতি দাঁড়িয়েছে ৩৬৪-৩৬৮ ডলার। গত সপ্তাহে একই মানের চালের দাম ছিল টনপ্রতি ৩৬৫-৩৬৯ ডলার। রুপির অবমূল্যায়ন ও বাজারে সরবরাহ বাড়ায় ভারতীয় চালের দামে এ পতন দেখা যায়। দেশটির অন্ধ্রপ্রদেশের এক রফতানিকারক জানান, মিলগুলো থেকে নতুন মৌসুমের ফসল ছাড় ও গত বছরের মজুদ থেকে সরকার চাল ছাড় করায় বাজারে সরবরাহের পরিমাণ বেড়েছে।

অন্যদিকে ভিয়েতনামের ৫ শতাংশ ভাঙা চালের দাম প্রতি টন দাঁড়িয়েছে ৪২০-৪২৫ ডলার। গত সপ্তাহে একই মানের ভিয়েতনামিজ চালের দাম ছিল ৪০০-৪১৫ ডলার। হো চি মিন শহরের এক ব্যবসায়ী জানান, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কারণে চালের দামে এমন ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি এতে বেশি ভূমিকা রাখছে বলে মনে করছেন দেশটির ব্যবসায়ীরা। সার ও কীটনাশকের জন্য কৃষকরা আগের তুলনায় বেশি দাম পরিশোধ করছেন। এ সপ্তাহে থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চালের দাম অপরিবর্তিত। বর্তমানে উল্লিখিত মানের প্রতি টন থাই চালের দাম রয়েছে ৪০৮-৪১২ ডলার।