গাড়ির উচ্চমূল্য ও ডেট্রয়েটের কোম্পানিগুলোর বিরুদ্ধে চলমান ধর্মঘটের পরও যুক্তরাষ্ট্রে নতুন গাড়ি বিক্রি বেড়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি বেড়েছে ১৬ দশমিক ৩ শতাংশ। খবর এপি।
নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ঋণের বিপরীতে গড় সুদহার ৭ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, গাড়ির গড় মূল্য ৪৫ হাজার ৫০০ ডলার। তার পরও দেশটিতে ভোক্তা চাহিদার কারণে অটোমটিভ খাতে এ প্রবৃদ্ধি দেখা গেছে।
মহামারী চলাকালীন শুরু হওয়া কম্পিউটার চিপ ও গাড়ির অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতি থেকে পুনরুদ্ধার বিক্রি বাড়াতে সহায়তা করেছে।
মোটর ইন্টেলিজেন্সের ডটকমের তথ্যানুসারে, তৃতীয় প্রান্তিকে প্রায় ৪০ লাখ গাড়ি বিক্রি হয়েছে। জেনারেল মোটরসের বিক্রি বেড়েছে ২১ দশমিক ২ শতাংশ, টয়োটার ১২ দশমিক ২ ও হোন্ডার ৫২ দশমিক ৭ শতাংশ। এদিকে নিসান ও হুন্দাইয়ের বিক্রি যথাক্রমে ৪০ দশমিক ৮ ও ১০ দশমিক ২ শতাংশ বেড়েছে। কিয়ার বিক্রি বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ, তবে স্টেলান্টিসের বিক্রি কমেছে ১ দশমিক ৩ শতাংশ।
বছরের প্রথম নয় মাসে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বিক্রি গত বছরের তুলনায় ৫০ দশমিক ৯ শতাংশ বেড়েছে। জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত মোট আট লাখের ওপর বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি হয়েছে।
বিশ্লেষকরা জানান, সেপ্টেম্বরে জেনারেল মোটরস, স্টেলান্টিস ও ফোর্ডের বিরুদ্ধে ইউনাইটেড অটো ওয়ার্কার্স ধর্মঘটের প্রভাব কিছুটা কম পড়েছিল। কারণ ধর্মঘটটিতে সেপ্টেম্বরের শেষ দুই সপ্তাহে তিনটি অ্যাসেম্বলি প্লান্টের মধ্যে সীমাবদ্ধ ছিল।










