স্মার্ট সিটি সূচক ২০২৩ অনুযায়ী এশিয়ার সবচেয়ে স্মার্ট সিটি হিসেবে নাম লিখিয়েছে সিঙ্গাপুর। এছাড়া বিশ্বের সবচেয়ে স্মার্ট শহরের তালিকায় বাণিজ্য নগরীটির অবস্থান সপ্তম। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

গতকাল বিশ্বের ১৪১টি শহরের তালিকা প্রকাশ করেছে সুইস বিজনেস স্কুল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট (আইএমডি)। জীবনমান উন্নত করতে শহরগুলো কীভাবে প্রযুক্তির সহায়তা নিচ্ছে তার ভিত্তিতে স্মার্ট সিটি সূচক তৈরি করা হয়েছে।

২০২০ ও ২০২১ সালেও বিশ্বের স্মার্ট শহরের তালিকায় সপ্তম অবস্থানে ছিল সিঙ্গাপুর। ২০১৯ সালে এশীয় বাণিজ্য কেন্দ্রটির অবস্থান ছিল দশম। ২০২২ সালে প্রকাশিত হয়নি দ্য স্মার্ট সিটি ইনডেক্স। ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে স্মার্ট শহর হিসেবে নাম লিখিয়েছে জুরিখ (সুইজারল্যান্ড)। তার পরেই রয়েছে অসলো (নরওয়ে) ও ক্যানবেরা (অস্ট্রেলিয়া)।

কোনো শহরে বসবাসের ১৫টি দিক নিয়ে প্রায় ২০ হাজার বাসিন্দার ওপর জরিপ চালানো হয়েছে। সাশ্রয়ী আবাসন, সড়কে জ্যাম, সবুজের উপস্থিতি ও কর্মসংস্থান ছিল প্রশ্নের তালিকায়। একই সঙ্গে বিভিন্ন অবকাঠামো ও প্রযুক্তি নিয়েও জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়েছে। ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ও অন্যান্য ব্যক্তিগত ডাটা শেয়ার হয় এমন প্রযুক্তি নিয়ে নগরবাসীর অভিমত কী তা জানতে চাওয়া হয় জরিপে।

এশিয়ার সবচেয়ে স্মার্ট শহর হিসেবে বেশ কয়েকটি দিক থেকে এগিয়ে আছে সিঙ্গাপুর। চিকিৎসা সেবা, সবুজের উপস্থিতি ও মানসম্মত শিক্ষার সুযোগে এশিয়ায় সেরা এ বাণিজ্য নগরীটি।