সদ্য সমাপ্ত মাসে কোল ইন্ডিয়ার কয়লা উৎপাদন সর্বোচ্চ পরিমাণ বেড়েছে। এ সময় কোম্পানিটির উৎপাদিত কয়লার পরিমাণ ছিল ৫৩৪ লাখ ৭০ হাজার টন। গত বছরের তুলনায় উৎপাদন বৃদ্ধির এ হার ৬ দশমিক শূন্য ২ শতাংশ। সম্প্রতি প্রকাশিত সরকারি এক তথ্যে এমনটা দেখা যায়। এর আগে ২০১৯ সালের এপ্রিলে সর্বোচ্চ পরিমাণ কয়লা উৎপাদন করে কোল ইন্ডিয়া, এ সময় কোম্পানিটির উৎপাদিত কয়লার পরিমাণ ছিল ৪৫০ লাখ ২৯ হাজার টন। খবর হেলেনিক শিপিং নিউজ ডটকম।

এপ্রিলে ভারতের মোট উৎপাদিত কয়লার পরিমাণ ছিল ৬৬১ লাখ ৫৪ হাজার টন। এর মধ্যে কোল ইন্ডিয়ার উৎপাদিত কয়লার পরিমাণ ছিল ৫৩৪ লাখ ৭০ হাজার টন। সিঙ্গারেনি কোলেরিজ কোম্পানির উৎপাদিত কয়লার পরিমাণ ছিল ৫৩ লাখ ২৩ হাজার টন এবং ক্যাপটিভ মাইনের উৎপাদিত কয়লার পরিমাণ ছিল ৭৩ লাখ ৬১ হাজার টন। কয়লা মন্ত্রণালয় প্রকাশিত তথ্যে বিভিন্ন কোম্পানির উৎপাদন-সংক্রান্ত এসব চিত্র দেখা যায়।

কয়লা মন্ত্রণালয়ের প্রাথমিক পরিসংখ্যানে দেখা যায়, এপ্রিলে দেশটিতে কয়লার মোট বিক্রির পরিমাণ ছিল ৭০৮ লাখ ৬৮ হাজার টন। এর মধ্যে বিদ্যুৎ খাতে বিক্রীত কয়লার পরিমাণ ছিল ৬১৭ লাখ ২০ হাজার টন। এ সময় বিদ্যুৎ খাতের জন্য কোল ইন্ডিয়া থেকে ক্রয়কৃত কয়লার পরিমাণ ছিল ৪৯৭ লাখ ৩৯ হাজার টন।