আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৪০০ কোটি ডলারের বেইলআউট প্যাকেজ চেয়েছে তিউনিসিয়া। চলমান কঠিন অর্থনৈতিক অবস্থা ও সামাজিক পরিস্থিতি মোকাবেলায় এ অর্থ সহায়তা চাওয়া হয়েছে বলে জানান উত্তর আফ্রিকার দেশটির প্রধানমন্ত্রী নাজলা বাউডেন। খবর আনাদোলু এজেন্সি।

সম্প্রতি তিউনিসিয়ার প্রধানমন্ত্রী নাজলা বাউডেন জানান, ৪ জুলাই অনুষ্ঠিত এক আলোচনা সভায় সংস্থাটির সঙ্গে এ বিষয়ে কথা হবে। প্রাথমিক আলোচনার উদ্দেশ্যে সংস্থাটির একটি প্রতিনিধি দল আজ তিউনিসিয়া সফরে আসবে।

আইএমএফ গত মাসে জানায়, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়াকে আগামী বাজেটের জন্য আর্থিক সাহায্য দিতে তারা প্রস্তুত। দেশটির আগামী বাজেটে বেইলআউট প্যাকেজের অংশ হিসেবে ৪০০ কোটি ডলার দেয়া হবে।

প্রধানমন্ত্রী নাজলা বাউডেন বলেন, আইএমএফের সঙ্গে আলোচনায় দেশটির আর্থিক ও কর ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে। উন্নয়ন ও বিনিয়োগ ব্যবস্থা এবং ব্যবসায়িক পরিবেশ উন্নতির উদ্দেশ্যে এ দুই বিষয় নিয়েও কথা হবে।

বর্তমানে আফ্রিকার দেশটির রাজনৈতিক পরিস্থিতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আর এ অবস্থা শুরু হয় ২০২১ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট কাইস সাইদ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার মধ্য দিয়ে।