প্রতিবেশী রাষ্ট্র উত্তর কোরিয়ায় ২০২২ সালে রফতানি তিন গুণ বেড়েছে চীনের। কভিড-১৯ বিস্তারের ফলে সাময়িক বন্ধের পর উভয় দেশের মধ্যে মালবাহী ট্রেন যাতায়াত সচল হওয়ায় রফতানিতে তেজিভাব দেখা দিয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

শুক্রবার প্রকাশিত চীনের শুল্ক বিভাগের উপাত্তে দেখা গেছে, গত বছর উত্তর কোরিয়ায় ৮৯ কোটি ৪০ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে, যা বছরওয়ারি বেড়েছে ২৪৭ দশমিক ৫ শতাংশ। চীনের শীর্ষ রফতানি পণ্যের মধ্যে রয়েছে সয়াবিন তেল, রাবার টায়ার, চিনি, তামাক ও ওষুধ। ২০২২ সালের শুরুতে চীন থেকে বৃহৎ পরিমাণে মাস্ক, ভেন্টিলেটরসহ চিকিৎসা সামগ্রী মজুদ করে।

গত বছরের আগস্টে কভিড-১৯-এর বিরুদ্ধে বিজয় ঘোষণা করে উত্তর কোরিয়া। কিন্তু তার পরও ডিসেম্বরে ২২ লাখ ৭০ হাজার মাস্ক, ১২ হাজার থার্মোমিটার ও ৪০ হাজার রাবার গ্লোভস ক্রয় করে দেশটি।

মহামারী চলাকালে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। ২০২২ সালে চীন থেকে বিভিন্ন পণ্য সরবরাহ নেয়া শুরু করে তারা। ২০২২ সালে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০৩ কোটি ডলারে দাঁড়ায়, যা আগের বছরের চেয়ে ২২৬ শতাংশ বেড়েছে।