কাঁচামাল আমদানি করে শিল্প গড়ে তুললে সেটি কখনো টেকসই হয় না। কোনো শিল্পকে টেকসই করে গড়ে তুলে অনেক দূর এগিয়ে নিতে হলে নিজস্ব কাঁচামাল কাজে লাগাতে হবে। কারণ কাঁচামাল আমদানি করে উৎপাদিত শিল্প দেশের অর্থনীতিতে খুব বেশি অবদান রাখে না। একই সঙ্গে নিজস্ব কাঁচামাল থেকে শিল্প পণ্য উৎপাদন না করে সেটি রফতানি করাও একটি দেশের অর্থনীতির জন্য খারাপ উদাহরণ।

গতকাল বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে লেদার: দ্য ট্রুলি সাসটেইনেবল ম্যাটেরিয়াল শীর্ষ আলোচনায় বক্তারা এসব কথা বলেন। চতুর্থ বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০২৩ উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচক ছিলেন সাসটেইনেবল লেদার ফাউন্ডেশনের (এসএলএফ) ম্যানেজিং ডিরেক্টর দেবরা টেইলর, টেক্সটাইল ক্লাস্টারের সমন্বয়ক ওয়ার্নার লেনজ, ইন্টারন্যাশনাল ট্রেনিং গ্রুপের সিনিয়র ডিরেক্টর (অপারেশন স্ট্র্যাটেজিস) কারল ফ্ল্যাচ এবং সঞ্চালনায় ছিলেন অস্টান লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইবনুল ওয়ারা।

দেবরা টেইলর বলেন, ‘নিজস্ব কাঁচামাল থেকে পণ্য উৎপাদন করতে পারাটা শিল্পের জন্য খুবই ইতিবাচক। এটি শিল্পকে অনেক দূর এগিয়ে যেতে সহায়তা করে। যখন কোনো শিল্পের কাঁচামাল আমদানি করা হয় তখন দেখা যায় বড় একটি অংক বিদেশে চলে যায়। আবার পণ্যটি উৎপাদনে ব্যবহৃত মেশিন বা যন্ত্র বেশির ভাগ ক্ষেত্রেই আমদানি করতে হয়। প্রযুক্তিসহ আরো বেশকিছু বিষয় এখানে থাকে। শুধু নিজেদের শ্রমিক দিয়ে বাকি সব আমদানি করে কোনো শিল্প বেশি দূর এগোতে পারে না। বাংলাদেশের চামড়াজাত পণ্য উৎপাদন এবং চামড়া শিল্পে নিজস্ব কাঁচামাল ব্যবহারের কারণে অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।’

ওয়ার্নার লেনজ বলেন, ‘ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) নিয়ে অনেক কথা হচ্ছে। শতভাগ ইটিপি বাস্তবায়ন করার মতো অবস্থায় বাংলাদেশ এখনো পৌঁছায়নি। অন্যদিকে এখানে সরকারেরও নানা বিষয় রয়েছে। তাই ব্যবসায়ীদের উচিত যে সনদগুলো বা কার্যক্রমগুলো কোনো কারণে থেমে আছে, সেগুলো ব্যতীত অন্য সনদ বা কার্যক্রমগুলো সম্পন্ন করে নেয়া।’

কারল ফ্ল্যাচ বলেন, ‘চামড়া নিজেই রি-সাইকেল হয়ে আসা পণ্য। তার থেকে নানাভাবে নানা পণ্য উৎপাদন সম্ভব। শুধু চামড়া ব্যবহার করার পর বাকিটুকু বর্জ্য হিসেবে ফেলে দেয়া চলবে না। চামড়াজাত পণ্য তৈরির পর যে অংশ ফেলে দেয়া হয় সেখান থেকেও নানা পণ্য তৈরি করা সম্ভব।’

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী (১২ থেকে ১৪ অক্টোবর) এ শোয়ের আয়োজন করা হয়।