যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ি বিক্রিতে শীর্ষস্থানের মুকুট ফিরে পেয়েছে জেনারেল মোটরস (জিএম)। ২০২২ সালের বিক্রিতে টয়োটাকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এর আগে ২০২১ সালে অপ্রত্যাশিতভাবে জিএম জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির কাছে শীর্ষস্থান হারিয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির তথ্য অনুসারে, ১৯৩১ সাল থেকে যুক্তরাষ্ট্রে যানবাহন বিক্রিতে শীর্ষ অবস্থানে ছিল জিএম। সে সময় সংস্থাটি আরেক মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড মোটরকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছিল। তবে ২০২১ সালে কভিডজনিত প্রতিবন্ধকতায় উৎপাদন ব্যাহত হওয়ায় টয়োটার কাছে অবস্থান হারিয়েছিল সংস্থাটি।

জিএম জানিয়েছে, ২০২২ সালে সংস্থাটি যুক্তরাষ্ট্রে ২২ লাখ ৭০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছে। এ সংখ্যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি। বিশেষ করে গত বছরের শেষ তিন মাসে সংস্থাটির গাড়ি বিক্রি বছরওয়ারি ৪১ দশমিক ৪ শতাংশ বেড়েছিল। যদিও বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে গাড়ি বিক্রি আগের বছরের তুলনায় ৭-১০ শতাংশ কমেছে।

অন্যদিকে টয়োটা জানিয়েছে, গত বছর সংস্থাটি যুক্তরাষ্ট্রের ২১ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছে। এ সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ কম। যদিও সংস্থাটি সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা অনেকটা কাটাতে পেরেছিল। বিশেষ করে অন্য প্রতিষ্ঠানের তুলনায় টয়োটা চিপ ঘাটতির প্রভাব কম অনুভব করার কথাও জানিয়েছিল। গত বছর অটোমোবাইল শিল্প সরবরাহে বাধার কারণে গাড়ির ঘাটতি এবং উল্লেখযোগ্য হারে খরচ বাড়ার মুখোমুখি হয়েছিল। বিশ্লেষকরাও আগেই সতর্ক করেছিল, গাড়ির চাহিদা ধীর হতে পারে। কারণ ক্রমবর্ধমান সুদের হার গাড়ির জন্য ঋণ গ্রহণেও গ্রাহকদের নিরুৎসাহিত করেছে।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের বাজারে জিএমকে ছাড়িয়ে যাওয়া অপ্রত্যাশিত ছিল বলে জানিয়েছিলেন টয়োটার নির্বাহীরা। সেই জয়ের কথা উল্লেখ করে টয়োটা প্রেসিডেন্ট আকিও টয়োডা ডিলারদের জানান, পরিসংখ্যান ঘোষণা করার সময় তিনি অফিসে নেচেছিলেন।

টয়োটা মোটর নর্থ আমেরিকার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জ্যাক হোলিস গতকাল বলেন, জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি খুচরা বিক্রিতে বেশি মনোযোগ দেয়। এটি বাণিজ্যিক বিক্রির চেয়ে অনেক বেশি লাভজনক। টয়োটা কয়েক বছর ধরে বিশ্বজুড়ে খুচরা পর্যায়ে গাড়ি বিক্রিতে নেতৃত্ব দিয়ে আসছে। বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনে ধীরগতি নিয়ে সমালোচনা সত্ত্বেও টয়োটা জানিয়েছে, প্রতিষ্ঠানটির হাইব্রিড, প্লাগ-ইন হাইব্রিড ও পূর্ণাঙ্গ বিদ্যুচ্চালিত গাড়ির বিক্রি বাড়ছে।

এদিকে বিদ্যুচ্চালিত গাড়িতে (ইভি) স্থানান্তরিত হতে জিএমেরও ধীরগতি রয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে সংস্থাটির বিক্রি করা গাড়িগুলোর মধ্যে ইভির অংশ ২ শতাংশেরও কম ছিল। চলতি সপ্তাহে জিএম ইভিকে বাজার অংশীদারত্ব বাড়ানোর হাতিয়ার হিসেবে উল্লেখ করেছে। এরই অংশ হিসেবে শেভ্রোলেট ব্লেজার ও শেভ্রোলেট ইকুইনক্স ইভি ক্রসওভারের মতো আরো মডেল উন্মোচন করার আশাবাদ জানিয়েছে জিএম।

গত বছর সংস্থাটি যুক্তরাষ্ট্রের রেকর্ড ৩৮ হাজার ১২০ ইউনিট শেভ্রোলেট বোল্ট ইভি ও ইইউভি বিক্রি করেছে। তবে সংস্থাটির বিলাসবহুল জিএমসি হ্যামার ইভি ও ক্যাডিলাক লিরিকের বিক্রি কমে গেছে। জিএম জানিয়েছে, শক্তিশালী বৈশ্বিক চাহিদা মেটাতে এ বছর বোল্ট মডেলের উৎপাদন ৭০ হাজার ইউনিটের বেশি হবে বলে আশা করা হচ্ছে। গত বছর প্রতিষ্ঠানটি উত্তর আমেরিকায় ২০২৩ সালের মধ্যে চার লাখ ইউনিট ইভি উৎপাদনের পরিকল্পনা পিছিয়ে দিয়েছে। পরিবর্তে ২০২৪ সালের মাঝামাঝি নাগাদ এ লক্ষ্য অর্জন করতে চায় প্রতিষ্ঠানটি।

এছাড়া জিএম নয় বছর ধরে পিকআপ ট্রাকেরও শীর্ষ বিক্রেতা। ফুল সাইজ পিকআপ বিক্রিতে সংস্থাটি দেশীয় প্রতিদ্বন্দ্বী ফোর্ডকে টানা তিন বছর ধরে পেছনে ফেলেছে। তবে ফোর্ডের এফ-সিরিজ টানা ৪৬ বছর ধরে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিক্রীত ট্রাক এবং ৪১ বছর ধরে শীর্ষ বিক্রীত গাড়ি।