আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশে (এআইইউবি) অনুষ্ঠিত হয়েছে সৃজনশীলতা ও উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতা ‘দ্য আইডিয়াস চ্যালেঞ্জ-২০২৫’। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এআইইউবি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব ‘সময়’ এর আয়োজনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘আইডিয়াস দ্যাট চেঞ্জ লাইভস অ্যান্ড শেপ দ্য ফিউচার’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য মো. ইশতিয়াক আবেদীন। তিনি বলেন, নতুন প্রজন্মের ভাবনা ও উদ্যোগই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এমন আয়োজন তাদের সৃজনশীলতা বিকাশে বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এআইইউবির রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা ও ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মঞ্জুর এইচ. খান, ক্লাব মেন্টর, শিক্ষক, কর্মকর্তা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, ক্লাব সদস্য ও শিক্ষার্থীরা।
দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। অংশগ্রহণকারীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রকল্প ও পোস্টার উপস্থাপন করেন। তাদের উপস্থাপিত বিষয়গুলোর মধ্যে ছিল যুব কর্মসংস্থান ও লিঙ্গ সমতা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা, দারিদ্র্য হ্রাস, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো ও উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও বর্জ্য ব্যবস্থাপনা।
দিনশেষে বিচারকদের রায়ের ভিত্তিতে নির্বাচিত বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তাই বিশ্ববিদ্যালয় সব সময় এমন উদ্যোগকে উৎসাহিত করবে। অনুষ্ঠানে সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমানও উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, ‘দ্য আইডিয়াস চ্যালেঞ্জ–২০২৫’ প্রতিযোগিতা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বিকাশ, সামাজিক উন্নয়নে অবদান ও পারস্পরিক শেখার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
—বিজ্ঞপ্তি










