যুক্তরাষ্ট্র থেকে ৮৮ হাজার ৯০০ টন গম কিনেছে চীন প্রজাতন্ত্রের স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ান।
গত বৃহস্পতিবার শেষ হওয়া আন্তর্জাতিক টেন্ডার থেকে তাইওয়ান ফ্লাওয়ার মিলারস অ্যাসোসিয়েশন এ গম কেনে বলে জানিয়েছেন ইউরোপীয় ব্যবসায়ীরা।
খবর রয়টার্স।
সূত্র জানিয়েছে, দুটি চালানে সরবরাহের লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে কয়েক প্রকারের গম কিনেছে তাইওয়ান।
এর মধ্যে ২০১৯ সালের ডিসেম্বরে এবং আগামী বছরের জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে এ গম কেনা হয়েছে।
ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, আগামী ৫ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে সরবরাহের চুক্তিতে ২০ হাজার ৭০০ টন গম কিনেছে তাইওয়ান।
যুক্তরাষ্ট্রের ফি অন বোর্ডে (এফওবি) প্রতি টন গমের দাম ধরা হয়েছে ২৭৪ ডলার ৮৪ সেন্ট।
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় রাজ্য থেকে এ গম সরবরাহ করা হবে।
এ অঞ্চলের আমদানি করা গম ১৪ দশমিক ৫ শতাংশ প্রোটিন ধারণ করতে সক্ষম বলে জানিয়েছে ওই ব্যবসায়ী সূত্র।
এছাড়া প্রথম চালানে সরবরাহ করা গমের মধ্যে ১৪ হাজার ২০০ টন
হার্ড রেড উইন্টার জাতের গম কিনেছে তাইওয়ান, যা ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিন ধারণে সক্ষম।
এফওবিতে প্রতি টন এ জাতের গমের দাম ধরা হয়েছে ২৩৮ ডলার ২২ সেন্ট।
আর ৫ হাজার ১০০ টন সফট হোয়াইট জাতের গমের দাম ধরা হয়েছে ২৩৯ ডলার ৭০ সেন্ট, যা ৯ শতাংশ প্রোটিন সমৃদ্ধ।
প্রথম চালানের এসব গম যুক্তরাষ্ট্রের ট্রেডিং হাউজ সিএইচএস থেকে ক্রয় করা হয়েছে।
প্রতিষ্ঠানটি সমুদ্রপথে জাহাজীকরণের ফি হিসেবে তাইওয়ানের কাছ থেকে প্রতি টন গমে অতিরিক্ত ৩৯ ডলার ৯৯ সেন্ট নিয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় চালানের গম ২১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারির মধ্যে তাইওয়ানে প্রবেশ করার কথা।
এর মধ্যে ২৫ হাজার ৭০০ টন স্পিং গম রয়েছে, যা ১৪ দশমিক ৫ শতাংশ প্রোটিন সমৃদ্ধ।
এফওবিতে প্রতি টন এ জাতের গমের দাম ধরা হয়েছে ২৮০ ডলার ৯৫ সেন্ট।
অন্যদিকে দ্বিতীয় চালানে সরবরাহের জন্য জাহাজীকরণ ফি হিসেবে তাইওয়ানকে টনপ্রতি ৩৬ ডলার ৬৬ সেন্ট দিতে হয়েছে।









