স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড ২০২৩, সিজন নাইনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী এপ্রিলে। সম্প্রতি চ্যানেল আইয়ে অনুষ্ঠিত জুরি বোর্ড সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে এ কথা জানানো হয়। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড বাংলাদেশের সামগ্রিক কৃষি খাতের জন্য একটি মর্যাদাপূর্ণ আয়োজন। এর মূল লক্ষ্য কৃষিতে স্বপ্নদর্শী, গবেষক ও উদ্ভাবক উদ্যোগীদের খুঁজে বের করা এবং তাদের প্রাপ্য স্বীকৃতি দেয়া। ২০২৩ সালের নভেম্বরে আয়োজনটির নবম সিজনে সেরা নারী কৃষক, সেরা পুরুষ কৃষক, সেরা মেধাবী কৃষিযোদ্ধা—পুরুষ, সেরা মেধাবী কৃষিযোদ্ধা—নারী, পরিবর্তনের নায়ক, সেরা সাংবাদিক (কৃষি), সেরা জলবায়ু অভিযোজক, প্রতিষ্ঠান পর্যায়ে সেরা প্রতিষ্ঠান—কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি; সেরা প্রতিষ্ঠান—কৃষি সহায়তা ও বাস্তবায়ন এবং সেরা কৃষি রফতানিকারক—এ দশ ক্যাটাগরিতে মনোনয়নের জন্য ঘোষণা দেয়া হয়। জুরি বোর্ডে সভাপতির দায়িত্ব পালন করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। সদস্য ছিলেন কৃষি অর্থনীতিবিদ ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাজাহান কবির, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র টেকনিক্যাল লিড, ক্লাইমেট চেঞ্জ জাকিয়া নাজনীন।

জুরি বোর্ড সভাপতি চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘‌জলবায়ু পরিবর্তনের কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও কৃষক। তাই প্রয়োজন আধুনিক প্রযুক্তির সঙ্গে কৃষকদের যুক্ত করা।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘‌এটি এগ্রো অ্যাওয়ার্ডের নবম সিজন। আমরা চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত হয়ে পঞ্চমবারের মতো এ আয়োজন সম্পন্ন করছি। আগামী এপ্রিলে জুরি স্পেশাল ও আজীবন সম্মাননা দুই ক্যাটাগরিসহ এগ্রো অ্যাওয়ার্ডের ১২টি ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।’ -বিজ্ঞপ্তি