পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পষর্দ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। একই পষর্দ সভা থেকে কোম্পানিটির নাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করা হয়েছে। কোম্পানিটির নাম লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড থেকে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসিতে রূপান্তর করা হবে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৬ কোটি ১৪ লাখ টাকা, এর আগের হিসাব বছরে এ মুনাফা হয়েছিল ১৩০ কোটি ৫৯ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৮২ পয়সায়।
এদিকে কোম্পানির নাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আহ্বান করা ইজিএম আগামী ২১ জুন বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টা ১৫ মিনিটে সর্বশেষ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ ইজিএম ও এজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ২৩ মে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৩০ কোটি ৫৮ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরে সমন্বিত নিট মুনাফা ছিল ৯৭ কোটি ৮৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছিল ৩২ কোটি ৭৩ লাখ টাকা বা ৩৩ দশমিক ৪৬ শতাংশ। এ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ৮২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৬৪ পয়সা।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দেয় লংকাবাংলা ফাইন্যান্স। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরের জন্য প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন।










